আদালত অবমাননার দায়ে অতিরিক্ত জজ, পিপি ও সোয়েব চৌধুরীকে আদালতে দাঁড় করিয়ে রেখেছেন হাইকোর্ট
আদালত অবমাননার দায়ে হাইকোর্ট সোমাবার ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ শামসুল আলম খান, পাবলিক প্রসিউকিউটর (পিপি) আবদুল্লাহ মাহমুদ হাসান ও রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত সালাউদ্দিন সোয়েব চৌধুরীকে আড়াই ঘন্টারও বেশি সময় আদালতে দাঁড় কারিয়ে রাখেন।
আদালত অবমাননা মামলার শুনানির সময় আদালত বলেন, মহানগর সেশন জজ হিসেবে শামসুল আলম খান হাইকোর্টের আদেশ অবজ্ঞা করে আদালতের নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।
অভিযুক্তরা লিখিতভাবে আদালতের কাছে নিশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এমদাদুল হক আজাদের সমন্বয়ে একটি হাইকোর্ট বেঞ্চ শামসুল আলম খান ও আবদুল্লাহ মাহমুদ হাসানকে আদালতে সশরিরে হাজির হওয়া থেকে অব্যাহতি দেন এবং আগামী ৪ জুলাই এ মামলার আদেশের দিন ধার্য করেন।
তবে সালাউদ্দিন সোয়েব চৌধুরীকে ৪ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের ব্যাপারে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শামসুল আলম খান ও আবদুল্লাহ মাহমুদ হাসান নিম্ন আদালত থেকে সোয়ের চৌধুরীর জামিনের ব্যবস্থা করেন। একারণে হাইকোর্ট গত ১৬ মে তাদের বিরুদ্ধে একটি সুয়োমেটো রুল জারি করেন। আদালত বিষয়টি ব্যাখ্যা করার জন্য তাদেরকে ২৪ মে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন।
আদালত গত ২৪ মে তাদেরকে লিখিতভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন এবং ২০ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
শামসুল আলম খানের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিখিলেশ দত্ত। অন্যদিকে আবদুল্লাহ মাহমুদ হাসানের পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তমিজুদ্দিন এবং সালাউদ্দিন সোয়েব চৌধুরীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ কিসলু।
