জাবি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতির পদত্যাগ ও অপর এক শিক্ষকের শাস্তি দাবিতে উপাচার্যের কাছে ছাত্রছাত্রীদের স্মারকলিপি পেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ছাত্রছাত্রীরা সোমবার বিভাগের সভাপতির পদত্যাগ ও অপর এক শিক্ষকের শাস্তি দাবি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে।
ছাত্রছাত্রীরা ম্মারকলিপিতে ঠিকমত ক্লাস না নেয়া, তিন বছরের সেশন জট সৃষ্টি, প্রতি বছর এক হাজার টাকা করে নিলেও বিভাগের কোন উন্নয়ন না করা এবং অজনপ্রিয় শিক্ষককে ছাত্র উপদেষ্টা পদে বহাল রাখার অভিযোগ উত্থাপন করে বিভাগের সভাপতি অধ্যাপক সাজেদ আশরাফ করীমের অপসারণের দাবি জানায়।
স্বারকলিপিতে ছাত্রছাত্রীরা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গোলাম মইনউদ্দিনের বিরুদ্ধে নিম্নমানের পাঠদান, অসৌজন্যমূলক ব্যবহার, টিউটোরিয়াল ও ফাইনাল পরীক্ষায় কম নম্বর প্রদানসহ সুনির্দিষ্ট কয়েকটি হয়রানির অভিযোগ উল্লেখ করে তার যথাযথ শাস্তির দাবি জানায়।
এছাড়া সংশোধিত নতুন গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশের দাবিও ছাত্রছাত্রীরা জানায় ।
বিভাগের শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং স্বাভাবিক পরিবেশ রক্ষার্থে দাবি না মানা হলে ছাত্রছাত্রীরা ব্যাপক আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে বলে স্বারকলিপিতে উল্লেখ করে।
