পৃথক ধর্ষণ মামলায় রায়ে ৬ জনের যাবজ্জীবন
পৃথক দুটি ধর্ষণ মামলার রায়ে রোববার ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিডিনিউজ ভোলা সংবাদাতা জানান, গত সংসদ নির্বাচনের পর ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামের বহুল আলোচিত শাশুড়ী বিষ্ণুপ্রিয়া ও পুত্রবধূ সুজাতা ধর্ষণ মামলায় রায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালে অতিরিক্ত দায়রা জজ এস এম সোলায়মান ওই পাঁচ জনকে যাবজ্জীবন এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন। মামলার আসামিদের মধ্যে প্রধান আসামি মোতাহার ও মো. হারূন পলাতক রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০১ সালের ৩ অক্টোবর রাতে ফাতেমাবাদের চিহিৃত সন্ত্রাসী এবং এই মামলার আসামী মোতাহের হোসেন, মো. হারূন, আলমগীর, নান্টু, ওরফে নান্নু, আবুল কালাম আজাদ একত্র হয়ে ঘরের দরজা ভেঙ্গে বিষ্ণুপ্রিয়া ও সুজাতাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং জোর পূর্বক ধর্ষণ করে।
ঘটনার পরদিন বিষয়টি বিষ্ণুপ্রিয়া ও সুজাতা লোকজনকে জানায়। তবে তারা ওই সময়ে মামলা করতে চাইলেও লালমোহন থানা তাদের মামলা গ্রহণ করে নি। পরে ১৬ নভেম্বর ঘটনার দেড়মাস পর সুজাতা বাদী হয়ে মামলা দায়ের করে।
দীর্ঘ তিন বছর মামলা চলার পর রোববার অতিরিক্ত দায়রা জজ এস এম সোলায়মান এ রায় প্রদান করেন।
মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মো. শাজাহান এভং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো. মহিবুল্লাহ।
অন্যদিকে বিডিনিউজ গোপালগঞ্জ প্রতিনিধি জানান, রোববার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আকবর হোসেন মৃধা ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ১৫ জুন ঘোষের চর গ্রামের আব্দুল হাই এক কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে মামলা দায়ের করা হয়। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আব্দুল হাইকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে। অন্যদিকে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত মামলার অপর আসামি রূপা বেগমকে বেকসুর খালাস দেন।
