খুলনার বিসিক শিল্প হুমকীর সম্মুখীন
গ্যাসের অভাব, বিদ্যুতের অতিমাত্রায় লোডশেডিং, উৎপাদিত পণ্যের বিপণন ত্রুটি, মূলধনের সংকট, শিল্প ব্যাংকের অপর্যাপ্ত সহযোগিতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে খুলনার বিসিক শিল্প নগরীর অধোপতন ঘটছে। শিল্প উদ্যোক্তরা এখানে বিনিয়োগ করতে আগ্রহ হারিয়ে ফেলছে।
শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এ ব্যাপারে বলেন, সমস্যাগুলো কেবল খুলনার নয়। ঢাকা ও চট্টগ্রাম বাদে সবগুলো বিসিক শিল্পনগরীতেই প্রায় অভিন্ন সমস্যা রয়েছে।
সূত্র জানায়, সারাদেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) ৬৫টি শিল্প নগরী রয়েছে। এগুলোর মধ্যে খুলনা অন্যতম। নগরী থেকে ১৩ কিলোমিটার উত্তরে শিরোমনীতে ৪৪ একর জমির উপর স্থাপিত। ইউনিটের সংখ্যা ৮৯টি। এ পর্যন্ত উৎপাদনে গেছে ৫২টি। কিন্তু ৫২টি ইউনিটের বিপরীতে এখন চালু আছে মাত্র ২৪টি। বাকি ২৮টি প্রতিষ্ঠান নিষ্ক্রিয় হয়ে পড়েছে। কিছু প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। রুগ্ন এ শিল্প প্রতিষ্ঠানগুলোয় কাজ করে প্রায় ৩ হাজার শ্রমিক-কর্মচারী। জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখলেও তারা এখন পরিবার-পরিজন নিয়ে টানাপোড়েনের মধ্যে দিন কাটাচ্ছে।
খুলনার শিল্প উদ্যোক্তরা শিল্পায়নে বিভিন্ন অন্তরায়ের কথা বিডিনিউজের কাছে তুলে ধরেন। গাফফার ফুড প্রডাক্টেসের মালিক আরিফ গাফফার বিডিনিউজকে বলেন, জ্বালানি খরচ বৃদ্ধি একটা বড় ধরনের সমস্যা। গ্যাস ব্যবহার করে ঢাকা ও চট্টগ্রামে জ্বালানি খরচ পড়ছে ইউনিট প্রতি মাত্র ১.২৫ টাকা। তার বিপরীতে এখানে বিদ্যুত ব্যবহার করায় খরচ দাঁড়াচ্ছে ৩ গুন বেশী অর্থাৎ ৩.৮০ থেকে ৪ টাকা পর্যন্ত।
শিল্পদ্যোক্তরা অভিযোগ করেন, তাদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে শিল্প ব্যাংকের থাকলেও, তাদের কোনও কার্যকারিতা এখানে দেখা যাচ্ছে না। বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দিলেও প্রতিষ্ঠান উৎপাদনে যাওয়ার আগেই চড়া হারে সুদ গুনতে হচ্ছে।
রুগ্ন একটি শিল্প ইউনিটের মালিক বলেন, তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে অবকাঠামো নির্মাণ করার পর চুক্তি অনুযায়ী ব্যাংক তাকে ওয়ার্কিং মূলধন দেয়নি। ফলে তার শিল্প ইউনিট লক্ষমাত্রা অনুসারে পণ্য উৎপাদন করতে না পারায় তা বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে তিনি বিসিকের কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন।
তবে উৎপাদনশীল শিল্প প্রতিষ্ঠান মিতালী ফুডের মালিক বললেন ভিন্ন কথা। তিনি জানান, কিছু অসাধু মালিক বিসিক শিল্প নগরীতে প্লটের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে অন্যত্র ব্যয় করছে। এখানে বিসিকের মনিটরিংয়ের অভাব রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিসিক শিল্প নগরীতে আড়াই কিলোমিটার
রাস্তার বিভিন্ন স্থান ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এছাড়া পানির সমস্যা, বিদ্যুৎ বিভ্রাট, নদীতে বার্জ ভিড়ার ব্যবস্থা না থাকাসহ নানা সমস্যায় জর্জরিত।
পাট শিল্প নির্ভর খুলনা শিল্প ও বাণিজ্যিক শহর এখন মৃত প্রায়। শেষ ভরসা ক্ষুদ্র ও কুটির শিল্প এখনও শিল্পনগরী হিসেবে কিছুটা অস্তিত্ব টিকিয়ে রেখেছে। সেটাও এখন সমস্যা সংকটের আবর্তে নিমজ্জিত। এসব অন্তরায় কাটিয়ে বিসিক শিল্পনগরীতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামির সাথে কথা বললে তিনি বলেন, বিসিক শিল্পনগরী থেকে যে সার্ভিস চার্জ পাওয়া যাচ্ছে, তা দিয়ে সমস্যা সমাধান করা সম্ভব নয়। তবে অবকাঠামোসহ বিদ্যমান সমস্যা নিরসনে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা হচ্ছে। সেখান থেকে আর্থিক সাহায্য পেলে দ্রুত এসব সমস্যা নিরসন করতে পারবো।
খুলনার শিল্পায়ন সমৃদ্ধ করার পূর্ব শর্ত হিসেবে সেখানে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবী জানালেও কোন সদুত্তর পায়নি শিল্প উদ্যোক্তা ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
