রাজশাহীতে পত্রিকা হকার খুন
রাজশাহীর রানী বাজার এলাকায় শনিবার সকালে ছুরিকাঘাতে এক পত্রিকা হকার নিহত হয়েছে।
নিহত হকারের নাম টিটন (২২)। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মত পত্রিকা বিলি করার জন্য টিটন শনিবার ভোর ছ’টায় বাড়ি থেকে বের হয়। সকাল ৭টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন এডাব অফিসের সামনে স্থানীয় লোকজন টিটনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে নিহতের বাবা কবির হোসেন (৬০) বোয়ালিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে।
