শিশু অনাহার বন্ধে বিশ্বব্যাপী কর্মসূচিতে বাংলাদেশের অংশগ্রহণ
বিশ্বের ৮৪টি দেশের দু’লাখ মানুষ অনাহার জনিত শিশুমৃত্যু’র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিশ্বব্যাপী স্কুলগুলোতে খাদ্য বিতরণের মাধ্যমে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আওতায় অনাহার জনিত শিশুমৃত্যু হার কমানো এবং এ খাতে সাহায্য সহযোগিতার জন্যে প্রায় ২৫ লাখ মার্কিন ডলারের সাহায্য তহবিল গঠন করা হচ্ছে।
বিশ্বে পর্যাপ্ত খাদ্য উৎপাদন সত্ত্বেও বছরে প্রতি পাঁচ সেকেন্ড অন্তর একটি শিশু অনাহারে মারা যায়। অনাহারে শিশু মৃত্যু বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্যে রোববার এক পদযাত্রার আয়োজন করা হয়েছে।
অকল্যান্ড, নিউজিল্যান্ড থেকে সকাল ১০টায় এ পদযাত্রা শুরু হবে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্বনামখ্যাত ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সিডনি থেকে সান্তিয়াগো এবং মস্কো থেকে লস এঞ্জেলেস পর্যন্ত বিশ্বের প্রতিটি অঞ্চলে অনাহারের বিরুদ্ধে বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার লক্ষ্যে এ পদযাত্রায় অংশ নিচ্ছে।
ঢাকায়ও বিভিন্ন রঙ্গিন ব্যানার, ফেস্টুন সহযোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ সমাজের বিশিষ্ট ও খ্যাতনামা ব্যক্তিবর্গ পদযাত্রায় অংশ নেবেন। এ পদযাত্রা সকাল ১০টায় আইডিবি ভবন থেকে শুরু হয়ে জাতীয় সংসদ ভবনে শেষ হবে।
পদযাত্রার অংশ হিসেবে তহবিল সৃষ্টির লক্ষ্যে শনিবার বিকেলে নগরীর গুলশান এলাকার স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে থাকছে গ্র্যান্ড গালা মাইম ও নাচের অনুষ্ঠান।
ডাব্লিউএফপি প্রতিনিধি ডগলাস ক্যাসন কউটস ঢাকার কর্মসূচি ঘোষণা করে বলেন, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়েসী শিশুর শতকরা প্রায় ৫০ শতাংশই ওজনহীনতায় ভোগে এবং এর ফলে ধীরে ধীরে মানসিক সামর্থ ও শারীরিক শক্তি হারায়। আমি আশা করছি, আমাদের বন্ধু সহযোগীরা এই পদযাত্রায় অংশ নেবে এবং গণসচেতনতা তৈরিতে আমাদের এই গুরুত্বপূর্ণ ও জরুরি প্রচেষ্টায় সাহায্য করবে।
বিশ্বের ৮৪টি দেশের ২৭০টি শহরে এই কর্মসূচি পালনের মধ্যদিয়ে জনগণকে স্মরণ করিয়ে দেওয়া সম্ভব, পর্যাপ্ত খাদ্য উৎপাদন সত্ত্বেও পৃথিবীতে প্রতিদিন ১৮ হাজার শিশু খাদ্যাভাবে মারা যাচ্ছে। দুরারোগ্য অসুখে ভুগছে ৩০ কোটি শিশু এবং বিদ্যালয়ে পড়তে পারছে না ১০ কোটি শিশু ।
এ পদযাত্রা পৃথিবীর দরিদ্র শিশুদের বেঁচে থাকার অধিকারকে সমুন্নত করবে, এমন প্রত্যাশা সবার।
