২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ-বান্ধব ধান চাষে ব্যাপক সাফল্য, কৃষকদের আগ্রহ বেড়েছে

অর্গানিক পদ্ধতিতে ধান চাষ করে গোগালগঞ্জের কৃষকরা ব্যাপক সাফল্য পেয়েছেন। এই পদ্ধতিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিয়ে চাষাবাদ করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2005, 12:59 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সিসিডিবির পরিবেশ বান্ধব কৃষি কর্মসূচির আওতায় ইরি-বোরো মৌসুমে গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার পাঁচটি গ্রামের ৫০ একর জমিতে অর্গানিক পদ্ধতিতে ধান চাষ করা হয়। ওই সব গ্রামের ১৫০ জন কৃষক সিসিডিবির কাছ থেকে তিন দিনের প্রশিক্ষণ নিয়ে এ পদ্ধতিতে ধান চাষ করে লাভবান হয়েছেন। অর্গানিক পদ্ধতিতে ধান চাষ করে কৃষকরা প্রতি একরে সাড়ে চার মেট্রিক টন ফলন পেয়েছেন। এ পরিমাণ রাসায়নিক সারে চাষাবাদের ফলনের প্রায় সমান বলে কৃষিবিদরা দাবি করেছেন।

চাষের প্রক্রিয়া সম্পর্কে কৃষক এবং কৃষিবিদরা জানান, অক্টোবর মাসে জমি থেকে পানি নেমে যাওয়ার পর জমে থাকা কচুরিপানা, শ্যাওলা, আবর্জনা সেখানে স্তুপ করে রাখা হয়। এসব আবর্জনা পচে গেলে ট্রাকটর দিয়ে জমি চাষ করে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয় মাটির সাথে। জমি প্রস্তুত হওয়ার পর জমিতে ধান রোপণ করা হয়। পোকার আক্রমন হলে নিমপাতা, বিষ কাটালী গাছের পাতা ও পাট পাতার রস প্রয়োগ করা হয়। কৃষকের বাড়িতে একটি গর্ত করে তার মধ্যে গোবর, তরকারীর খোসা, কলা গাছ ও হাঁস-মুরগীর বিষ্ঠা ফেলা হয়। তৈরি হয় জৈব সার। রাসায়নিক সারের পরিবর্তে জমিতে এ সার ব্যবহার করা হয়।

চাষীরা বিডিনিউজকে জানান, এ পদ্ধতিতে চাষাবাদে খরচ কম, উৎপাদন ভালো হয় এবং পোকার আক্রমন কম।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র সাহা বিডিনিউজকে জানান, সুফল পাওয়ার ফলে এ পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের মধ্যেও আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সিসিডিবির এ উদ্যোগকে তিনি স্বাগত জানান।

সিসিডিবির প্রকল্প পরিচালক জর্জ অসিত সিংহ বিডিনিউজকে বলেন, অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। তিনি পরিবেশ-বান্ধব কৃষি চর্চা করে পরিবেশ ও মাটির স্বাস্থ্য রক্ষা করার জন্যে চাষীদের প্রতি আহবান জানান।