২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের বাজেট প্রতিক্রিয়া

অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ তার বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় ঘোষিত নতুন বাজেটে কৃষিতে ভর্তুকি দেয়াসহ বিভিন্ন বিষয়ের প্রশংসা করলেও রাজস্ব ও এডিপির উচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

ড. মাহমুদ বলেন, বিভিন্ন চাহিদা পূরনের জন্য বাজেটে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। তিনি বলেন, গত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ শতাংশ কিন্তু প্রকৃতপক্ষে অর্জিত হয়েছে মাত্র ১১ শতাংশ। প্রস্তাবিত বাজেটেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৭ শতাংশ। পরবর্তী সাধারণ নির্বাচনের আগে কি পরিমাণ রাজস্ব আয় হয় সেটাই এখন দেখার বিষয় বলে জানান তিনি।

ড. মাহমুদ বলেন, জিডিপি অথবা দেশের উন্নয়নের প্রয়োজনীয়তার আলোকে ধার্যকৃত এডিপির লক্ষ্যমাত্রা অবাস্তব নয়, কিন্তু মূল সমস্যা হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। রাজস্ব ও জিডিপির হার শোচনীয়ভাবে ১০ শতাংশের নীচে অবস্থান করছে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি গবেষণা ব্যুরোর চেয়ারম্যান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী শিক্ষা এবং নারী উপবৃত্তি প্রকল্পের প্রশংসা করেছেন।

তিনি দারিদ্র্য বিমোচন ও বাজেট বরাদ্দের মধ্যে সরাসরি কোনও সম্পর্ক নেই বলে মনে করছেন।

ওয়াহিদউদ্দিন বলেন, প্রস্তাবিত বাজেট কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচনে এবং শিক্ষা স্বাস্থ্য ও কৃষি খাতে আরও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কৃষিতে ভর্তুকি, বিশেষ করে সারের ওপর ভর্তুকি দ্বিগুণ করা প্রশংসাযোগ্য।

অন্যদিকে আমরা যদি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে না পারি, তাহলে শিক্ষা খাতে বাড়তি বরাদ্দ কোনও সুবিধা বয়ে আনতে পারবে না। আর সে কারণেই সুশাসন আমাদের জন্যে প্রধান বিষয়।

তিনি বলেন, বাজেট আসলে একটা প্রস্তাবনা। বাজেট প্রস্তাবনা ও প্রকৃত বাস্তবায়নের মধ্যে সব সময়ই একটা ফারাক থাকে। সুতরাং শুধু প্রস্তাবিত বাজেটকে ভিত্তি করে উন্নয়নকে মূল্যায়ন করা সম্ভব নয়।