২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব ও উন্নয়ন বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে ৯,৬৮৬ কোটি টাকা বরাদ্দ

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের রাজস্ব ও উন্নয়ন বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে ২০০৫-০৬ অর্থ-বছরে সমন্বিতভাবে ৯,৬৮৬ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০০৪-০৫ অর্থ বছরে এই পরিমাণ ছিল ৭,৮৫৯ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

প্রস্তবিত খাতের ৬,৩৭১ কোটি টাকা রাজস্ব বাজেটে ও ৩,৩১৫ কোটি টাকা উন্নয়ন বাজেটে বরাদ্দ করা হয়েছে।

২০০৩-০৪ সালে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৬,৭৪০ কোটি টাকা ও ২০০২-০৩ সালে ছিল ৬,৮৭১ কোটি টাকা।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে তার বাজেট বক্তব্যে বলেন, ৭৮টি প্রকল্প বাস্তবায়নে সরকার এই খাতে ৩,৩৬০ কোটি টাকার উন্নয়নসহ সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।

রাজস্ব বাজেটে এই খাতের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২,১০০ কোটি টাকা, শিক্ষা বিভাগের ২১৬০ কোটি টাকা ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১১১ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।

অন্যদিকে উন্নয়ন বাজেটে শিক্ষা খাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ১,৭২৮ কোটি টাকা, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগে ১,৪৯৯ কোটি টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য ৮৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধি করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে দুটি প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে একটি ৫,০০০ কোটি টাকার ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-২’ এবং অপরটি ৪০০ কোটি টাকার ‘শিশুদের স্কুলে যাওয়া’ প্রকল্প।

তিনি আরও বলেন, আমরা আশা করি দেশের সকল শিশুর জন্য খুব শিগগিরই মানসম্মত প্রাথমিক শিক্ষা শতভাগে উন্নীত করতে সক্ষম হব।

২০০৫-০৬ অর্থ বছরে ৪০০ কোটি টাকা ব্যয়ে ২৯ লাখ ছাত্রীকে বৃত্তি দেওয়া হয় এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তির পরিমান ১০ শতাংশ বৃদ্ধি করা হয়।

বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মাত্র দুই থেকে তিন শতাংশ শিক্ষার্থী প্রযুক্তিগত ও কারিগরী শিক্ষা গ্রহণ করছে।

অর্থমন্ত্রী বলেন, আগামী ১৫ বছরের মধ্যে এই সংখ্যা ১৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সরকার পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানকে আরও বেশি আধুনিক করে গড়ে তুলে এবং নতুন পলিটেকনিক প্রতিষ্ঠান স্থাপন করে কারিগরী শিক্ষাকে বৃদ্ধি করার পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যেই সরকার নারীদের জন্য তিনটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী ৫,০০০ স্নাতক পর্যায়ের ছাত্রীদের এইচএসসি’র ফলাফল অনুসারে মাসিক ২২৫ টাকা থেকে ২৫০ টাকা করে সাধারণ বৃত্তি প্রদানের প্রস্তাব করেন।