বিদ্যুৎ ও জ্বালানী খাতে ৪,২৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান প্রস্তাবিত উন্নয়ন বাজেটে দেশের বিদ্যুৎও জ্বালানী খাতে ৪,২৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। এই বরাদ্দ মোট বাজেটের ১৭ শতাংশ।
অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, সরকার বেসরকারি খাতের মাধ্যমে ১০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে আগামী ২০১৫ সাল পর্যন্ত একটি কৌশলগত দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।
সম্প্রতি তিনটি নতুন আবিস্কৃত গ্যাস ক্ষেত্রে পরবর্তী অর্থ বছরে ১,৬৯০ মিলিয়ন সিএফটি গ্যাস উৎপাদন হবে।
তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লা প্রকল্প বাস্তবায়নের পর বছরে ১০ লাখ টন কয়লা উৎপাদন সম্ভব।
সাইফুর রহমান বলেন, গত তিন বছরে ১,০২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং টান্সমিশন লাইন ১৮০ কিলোমিটার ও বিতরণ লাইন ৫০ হাজার কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।
এছাড়া নতুন নয় হাজার গ্রামকে বিদ্যুতায়িত করা হয়েছে তিনি উল্লেখ করেন। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন করা হলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ২,৯১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
