কৃষিখাতে ভর্তুকি ও সহায়তা দ্বিগুন হচ্ছে, থাকছে অন্যান্য সুবিধাও
কৃষি উন্নয়নকে জোরদার করতে চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ২০০৫-০৬ অর্থবছরের বাজেটে কৃষিখাতে ভর্তুকি ও সহায়তার পরিমাণ বৃদ্ধি করে দ্বিগুন করা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে কৃষিখাতে ভর্তুকি ও সহায়তার পরিমাণ ছিল ৬’শ কোটি টাকা আর প্রস্তাবিত বাজেটে তা দ্বিগুন করে ১২’শ কোটে টাকা করা হয়েছে।
২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে মোট ২,২১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে কৃষিখাতে বরাদ্দের চেয়ে যা ৪ শ’ ৩৬ কোটি টাকা বেশি।
প্রস্তাবিত বাজেটে অনুযায়ী ২০০৫ সালে ১ জুলাই থেকে ডাল, সরিষাবীজ, মশলা ও ভুট্টা উৎপাদনের জন্য দেওয়া কৃষি ঋণের বর্তমান সুদের হার ২ শতাংশ করা হবে। বর্তমানে এই সুদের পরিমাণ শতকরা আট শতাংশ।
সরকার ২০০৩ সালের ৩১ ডিসেম্বর থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত শ্রেনীকৃত কৃষিঋণের সুদ প্রত্যাহার করে নিয়েছে। কৃষিঋণের পরিশোধের সময়সীমা ২০০৫ সালের ৩০ মার্চ থেকে ২০০৬ সালের ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
সেচকাজে বিদ্যুৎ ব্যবহারের জন্য বৈদ্যুতিক বিলে পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া ২০ শতাংশ ভর্তুকি অব্যাহত থাকবে। অন্যদিকে ২০০৫ সালের ১ জুলাই থেকে সারাদেশে সেচকাজের জণ্য সর্বনিম্ন বৈদ্যুতিক সংযোগ ব্যয় প্রত্যাহার করে নেওয়া হবে।
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে রপ্তানিযোগ্য কৃষিপণ্য, সব্জি, ফলের ক্ষেত্রে ৩০ শতাংশ নগদ ভর্তুকি প্রদান আগামী অর্থবছরেও অব্যাহত থাকবে।
কৃষি ভিত্তিক উদ্যোক্তাদের উৎসাহিত করতে আগামী অর্থবছরে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহৃত বিদ্যুতের ওপর ২০ শতাংশ ভর্তুকি অব্যাহত থাকবে।
আগামী অর্থবছরে কৃষি ঋণের প্রবাহ বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পাঁচ শতাংশ সুদের হারে পুনঅর্থায়ন সুবিধা দিবে।
আগামী ২০০৫-০৬ অর্থবছরে কৃষি সম্প্রসারণ কর্মসুচি, গবেষণা, মাঠ পর্যায়ের প্রশিক্ষণ, উৎপাদন, এইচওয়াইভি বীজের সংরক্ষণ ও বিতরণ, কৃষি ক্ষেত্রে ঊৎপাদিত পণ্যের স্টোরেজ ও বাজারজাতকরণ এবং সেচ ব্যবস্থা আরও জোরদার করা হবে।
নতুন অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সংস্কার করা হবে।
ইউরিয়া সারের মতো বর্তমান অর্থবছরে আমদানিকারকরা ডিএপি, এমওপি ও টিএসপি সারের ক্ষেত্রে ২৫ শতাংশ ভর্তুকি দেওয়ার ব্যবস্থা আগামী অর্থবছরেও অব্যাহত থাকবে।
