ঝিনইদহে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত, আহত ২৫
ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের আরুয়াকান্দি নামক স্থানে বুধবার রাতে দুর্ঘটনায় এক পুলিশ নিহত এবং ২৫ যাত্রী আহত হয়েছে।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি নাইট কোচ রাত ১১ টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে দায়িত্ব পালনরত হাবিলদার মোঃ মোহসিনকে (৫০) চাপা দেয়। এরপর কোচটি নিয়ন্ত্রন হরিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে গেলে এর ২৫ জন যাত্রী আহত হয়।
মুমূর্ষু অবস্থায় হাবিলদারকে সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২ টার দিকে তার মৃত্যু ঘটে। আহত কোচযাত্রীদের ১৭ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দুর্ঘটনার পর কোচের চালক পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
