বাংলাদেশে গার্মেন্টসহ শিল্পক্ষেত্রে অব্যবস্থাপনায় বিদেশী প্রতিনিধিদের উদ্বেগ
বাংলাদেশে গার্মেন্টসহ শিল্পক্ষেত্রে চরম অব্যবস্থাপনায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন সফররত ইন্টারন্যাশনাল টেক্সটাইল,গার্মেন্টস এন্ড লেদার ওয়ার্কাস ফেডারেশন প্রতিনিধিরা।
আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে বুধবার সকালে সুধাসদনে সাক্ষাতকালে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে প্রতিনিধিরা তাদের এ উদ্বেগের কথা জানান।
তারা সরকারকে সতর্ক করে বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে বিদ্যমান অব্যবস্থাপনা দূর করা না হলে দেশের গার্মেন্টস শিল্পে ভয়াবহ ধস নামবে এবং একই সাথে এ শিল্প আন্তর্জাতিক বাজার হারাবে। বাংলাদেশের এ জায়গা দখল করবে চীন,কম্বোডিয়া ও ভিয়েতনাম।
আন্তর্জাতিক এই শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথে আলাপকালে শেখ হাসিনা অনুরোধ জানিয়ে বলেন, সরকারের ব্যর্থতা, নেতিবাচক মনোভাব ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ও শ্রমিকরা যাতে ক্ষতির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখুন।
ওয়ার্কাস ফেডারেশনের সাধারণ সম্পাদক নেইল কার্নির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন শ্রমিক সংগঠন ইন্ডিটেক্সের জেভিয়ার চারকোলেস, গ্যাপের লক্ষ্মী ভাটিয়া, জার্মানির ম্যারিন বোহেম প্রমুখ। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এমপি, পরিবেশ বিষয়ক সম্পাদক ড. হাসান মাহমুদ, শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্রসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান নেইল কার্নি বলেন, বাংলাদেশে গার্মেন্টস শিল্পের পরিবেশ বর্তমানে অনুকূল নয়। সাভারের স্পেকট্রাম গার্মেন্টস ভবন ধসসহ শিল্প ক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
পরে এক বিফ্রিং-এ কর্নেল (অব.) ফারুক খান বলেন, সরকারের নীতির কারণে দেশ ও দেশের শ্রমিকদের যেন কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে আমরা প্রতিনিধিদলকে অনুরোধ করেছি এবং এ ব্যাপারে সরকারকে আমরা রাজনৈতিক চাপ প্রয়োগ করবো বলেও জানিয়েছি।
