চুয়াডাঙ্গায় ১ কারারক্ষীকে শ্বাসরোধ করে হত্যা
চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার হাতিকাটা গ্রামের মাঠে বজলুর রহমান ওরফে আরশেদ (৩০) নামে এক কারারক্ষীকে মঙ্গলবার মধ্যরাতে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যা করেছে।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের কারা পুলিশের হাবিলদার আব্দুল রহিম বিডিনিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় কারাগারে রোল কল শেষে আরশেদ বাড়ি চলে যায়। রাত ২টা থেকে তার ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার সকাল পর্যন্ত সে কাজে যোগ দেয়নি, ফলে কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা চিন্তিত হয়ে পড়ে।
বুধবার সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তারা লাশের পাশে পড়ে থাকা নিহতের ব্যবহৃত রাইফেল, টর্চলাইট ও হাতঘড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জেল সুপারিনটেনডেন্ট আক্কাচ আলী আকন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
পুলিশ কিংবা নিহতের পরিবারের কেউ তাৎক্ষণিকভাবে খুনের কারণ ও খুনীদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেনি।
জানা গেছে, নিহত বজলুর রহমান ওরফে আরশেদ হাতিকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
