দেশের ১৪ কোটি জনসংখ্যার মাত্র ৩৫ শতাংশ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে
দেশের চৌদ্দ কোটি জনসংখ্যার মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ লোক বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। এর মধ্যে অধিকাংশই শহর ও মফস্বল এলাকায় বসবাস করে। মঙ্গলবার এক সেমিনারে বক্তরা এই তথ্য জানান।
সেমিনারে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানী ব্যবহার ও জ্বালানী খাতে দক্ষতা আনয়নের জন্য উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে দেশে প্রতিদিন ৩০০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এতে করে ভবিষ্যতে জ্বালানী খাতে নিরাপত্তাও আনা সম্ভব বলে বক্তরা সেমিনারে উল্লেখ করেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এলজিইডি ও জ্বালানী বিভাগের উদ্যোগে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘এনার্জি এফিশিয়েন্ট সিটি: বাংলাদেশ পারসপেকটিভ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মুহাম্মদ কাজী ও রেজওয়ান খান।
মূল প্রবন্ধে জ্বালানী বিশেষজ্ঞরা জ্বালানী অপচয়ের কারণ হিসেবে সঠিক পরিকল্পনার অভাব, পুরাতন যন্ত্রপাতি ব্যবহার, জ্বালানী ব্যবহারের ক্ষেত্রে পরিকল্পিত গবেষনার অভাবকেই দায়ী করেছেন। এতে বলা হয়, পল্লী এলাকার একটি বিরাট জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। তাদের জন্য বিকল্প জ্বালানী খূঁজে বের করা আমাদের দায়িত্ব।
সেমিনারে বক্তারা ইলেকট্রনিক ব্যালাস্ট, ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যবহার, ভবনে সঠিক শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা স্থাপন, উন্নত প্লান্ট স্থাপন, আধুনিক পদ্ধতি ব্যবহার সহ জ্বালানী ব্যবহারে জনগণের সচেতনতা বাড়ানোর উপর জোর দেন।
সুত্র মতে, দেশে বর্তমানে প্রতিদিন ৩০০ থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে।
