বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কমিশন বৈঠক কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হল
বাংলাদেশ-মালেয়শিয়া যৌথ কমিশন’র (জেসি) দুইদিন ব্যাপী বৈঠক মঙ্গলবার বাংলাদেশ থেকে সেদেশে জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে কোনও ধরনের গঠনমূলক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
বৈঠকে জনশক্তি রপ্তানীর ব্যাপারে কোনও অগ্রগতি না হলেও যৌথ কমিশনের এ তৃতীয় বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা কৃষিজাত দ্রব্য, বায়োটেকনোলোজি, তথ্য প্রযুক্তি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতে একে অপরকে সহযোগিতা করার ব্যাপারে একমত হেয়েছেন।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ হামিদ আলবার যৌথ কমিশন বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, মালয়েশিয়ার ব্যক্তিগত শিল্পমালিকদের বিভিন্ন শর্তের ওপর জনশক্তি আমদানীর বিষয়টি নির্ভর করছে। ব্যক্তি মালিক বা প্রতিষ্ঠান যদি চায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার তাদের সাথে যোগাযোগ করতে পারে।
তিনি বলেন, এক সময় মালেয়শিয়ায় প্রায় দুই লাখ বাংলাদেশী শ্রমিক কাজ করতো। বর্তমানে সেখানে মাত্র ৫৪ হাজার শ্রমিক রয়েছে। মালেয়শিয়ার অর্থনীতি ১৯৯৭ এবং ১৯৯৮ সালে কিছুটা স্তিমিত হয়ে পড়ে, জনশক্তি আমদানি কমে যাওয়ার সেটা একটা কারণ। এছাড়াও বর্তমানে মালেয়শিয়ার শিল্প কারখানাগুলোকে অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো হচ্ছে। যা জনশক্তির প্রয়োজনীয়তা কমিয়েছে।
তবে তিনি আশ্বস্ত করে বলেন যে, বাংলাদেশের সাথে মালেয়শিয়ার গৃহীত ১৯৯৩ সালের সমঝোতা স্বারক (এমওইউ) এখনও কার্যকর রয়েছে।
বারনামা নিউজ এজেন্সি’র একটি প্রতিবেদনে জানা যায়, মালয়েশিয়ার বিভিন্ন খাতে প্রচুর বিদেশি শ্রমিকের চাহিদা রয়েছে। এর মধ্যে উৎপাদন প্রতিষ্ঠানে ২ লাখ, নির্মান প্রতিষ্ঠানে দেড় লাখ, প্লানটেশনে ৫০ হাজার এবং সেবা খাতে প্রায় ২০ হাজার শ্রমিকের প্রয়োজন।
মালয়েশিয়া বর্তমানে বাংলাদেশকে বাদ দিয়ে ভারত, পাকিস্তান এবং নেপাল থেকে শ্রমিক আমদানি করছে। ।
দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর যৌথ কমিশনের বৈঠক মঙ্গলবার সকালে রাজধানীতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে প্রাতরাশ বৈঠক মাধ্যমে শুরু হয়।
বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান জানান, কৃষি, জৈব প্রযুক্তি, পর্যটন, প্রযুক্তির আদান প্রদান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপারে তারা ঐক্যমত্যে পৌঁছেছেন।
বাণিজ্য ঘাটতির কারণে মালয়েশিয়ার সুবিধাজনক অবস্থায় থাকা এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য এলাকা (এফটিএ) বিষয়ক এক প্রশ্নের জবাবে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্য ক্ষেত্রে মালয়েশিয়া সুবিধা পাচ্ছে, বাংলাদেশও সে সুবিধা পাবে বিনিয়োগের ক্ষেত্রে। আমাদের অধিক হারে বানিজ্য বাড়ানো দরকার তেমনি বিনিয়োগও সমানভাবে দরকার। আর এজন্য আমাদের এক সাথে কাজ করা দরকার।
মোরশেদ খান সাংবাদিকদের জানান, শুল্কমুক্ত কোটায় বাংলাদেশ ১৯টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন উৎপাদিত দ্রব্য মালয়েশিয়ার বাজারে পাঠানোর ব্যাপারে আলোচনা হয়েছে।
যৌথ কমিশনের বৈঠক কুয়ালালামপুরে ১৯৯৪ সালে শেষবারের মত অনুষ্ঠিত হয়েছিল।
২০০৬ সালে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ২০০৭ সালে পরবর্তী যৌথ কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে কুয়ালালামপুরে।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ হামিদ আলবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথেও সাক্ষাৎ করেন।
বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতার লক্ষ্য নিয়ে ১৯৯২ সালে এই যৌথ কমিশন গঠন করা হয়।
এ বাণিজ্যিক সমঝোতায় মালয়েশিয়া অধিকভাবে লাভবান হচ্ছে। মালয়েশিয়া বছরে প্রায় ৩ শ’ মিলিয়ন মার্কিন ডলারের মালামাল বাংলাদেশে রপ্তানী করছে সেক্ষেত্রে বাংলাদেশ সেদেশে রপ্তানী করছে মাত্র ১৬ থেকে ১৭ মিলিয়ন মার্কিন ডলার।
বর্তমান, মালয়েশিয়া বাংলাদেশে ১ শ’ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ খাটাচ্ছে। এর বেশীরভাগই টেলি যোগাযোগ ও বিদ্যুৎ খাতে।
