চট্টগ্রাম ওয়াসার মদুনাঘাট প্রকল্পের অসম্পূর্ণ কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে
চট্টগ্রাম ওয়াসার মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্পের অসম্পূর্ণ কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন ক্ষমতা আরও এক কোটি গ্যালন বৃদ্ধি পাবে।
চট্টগ্রাম ওয়াসার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাকসুমুল হাকিম চৌধুরী বিডিনিউজকে বলেন, ঠিকাদারি সংস্থা টিএমই (টার্মোমেরিক ইকোলজিয়া) কর্তৃক অতিরিক্ত প্রকল্প ব্যয় ৮ কোটি ৮৮ লাখ টাকা বৃদ্ধির পর ইতালি সরকার ওই টাকা দেওয়ার আগ্রহ প্রকাশ করলে প্রকল্পের কাজ আবারও শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে আগামী ১৫ জুনের মধ্যে ইতালি সরকারের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম আসছেন।
চট্টগ্রাম মহানগরীর ক্রমবর্ধমান পানির সংকট নিরসনে ১৯৯৯ সালে ইতালি ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে প্রায় ৮৮ কোটি টাকা ব্যয়ে মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্পটি হাতে নেওয়া হয়।
এদিকে সময়মত প্রকল্পের কাজ শুরু না হওয়ায় এবং নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় ইতালির ঠিকাদারি প্রতিষ্ঠান টিএমই প্রকল্প ব্যয় ১০ শতাংশ বৃদ্ধির দাবি করে। অতিরিক্ত এই অর্থ কে দেবে এই নিয়ে প্রকল্পটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ইতালি সরকার অতিরিক্ত এই অর্থ দেওয়ার আগ্রহ প্রকাশ করলে প্রকল্পের বাকি কাজ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
