২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল কোয়ার্টারে ডাক্তাররা থাকেন না

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত কোয়ার্টারে চিকিৎসকরা থাকেন না। কোয়ার্টারে চিকিৎসকরা না থাকায় জরুরি মুহূর্তে মুুমূর্ষু রোগীরা চিকিৎসা পায় না।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 12:40 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের নির্মাণ সংস্থা সিএমএমইউ ১৫ মাস আগে ভবনগুলো চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জনের কাছে হস্তান্তর করে। হাসপাতালের কোয়ার্টারে সিনিয়র কনসালটেন্টদের জন্য দুটি ইউনিট, জুনিয়রদের জন্য চারটি ইউনিট এবং মেডিক্যাল অফিসারদের জন্য একটি ইউনিট রয়েছে।

এছাড়া নার্স এবং ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য মোট ১২টি ইউনিট রয়েছে। পাশাপাশি ৫০ বেড থেকে ১০০ বেডের বর্ধিত ভবনও সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয় ২০০৪ সালের ফেব্রুয়ারিতে।

নার্স ও অন্যান্য কর্মচারীরা তাদের জন্য নির্ধারিত ভবনগুলোতে উঠলেও চিকিৎসকরা তাদের ইউনিটগুলোতে উঠছেন না। ফলে জরুরি মুহূর্তে রোগীরা চিকিৎসা পাচ্ছে না। জরুরি মুহূর্তে চিকিৎসার অভাবে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, এ ব্যাপারে সিভিল সার্জন ডা. গোলাম মোর্তুজা ডাক্তারদের একাধিকবার নোটিশ দিয়েছেন। বিষয়টি সদর আসনের সাংসদকেও জানানো হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা রাজশাহী থেকে এসে কর্তব্য পালন করে থাকেন। এমনকি হাসপাতালের আবাসিক চিকিৎকরাও রাজশাহী থেকে এসে কাজ করছেন।

অপরদিকে, সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়ইটা পর্যন্ত ডিউটি করার কথা থাকলেও কোনও চিকিৎসকই সময়মতো ডিউটিতে থাকেন না বলে অভিযোগ রয়েছে।