গাজীপুরে বর্ধিত বাস ভাড়া নিয়ে বচসা, গাড়ি ভাংচুর, এক ঘন্টা যান চলাচল বন্ধ
বর্ধিত বাস ভাড়াকে কেন্দ্র করে চান্দনা হাইস্কুল এ্যাণ্ড কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে বাসের কন্ট্রাক্টরের বচসার পর ছাত্র-ছাত্রীরা জেলার জাগ্রত চৌরঙ্গী এলাকায় ১০/১২টি মিনিবাস ভাংচুর করে। এতে গাজীপুর-ঢাকা সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, সোমবার দুপুরে জেলার চান্দনা হাইস্কুল এ্যাণ্ড কলেজের ছাত্র-ছাত্রীরা বলাকা সার্ভিসের একটি বাসে করে বাড়ি ফেরার সময় বাসের কন্ট্রাক্টর অতিরিক্ত ভাড়া দাবি করে। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করায় কন্ট্রাক্টর তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং স্কুলের কারিগরি শাখার নবম শ্রেণীর দুই ছাত্রীকে লাঞ্ছিত করে। এছাড়া নির্দিষ্ট স্টপেজে না থামিয়ে গাজীপুর টার্মিনালে নিয়ে প্রায় এক ঘন্টা আটকে রাখার পর তাদের ছেড়ে দেয়।
এ খবর স্কুল প্রাঙ্গণে পৌঁছূলে অন্যান্য ছাত্ররা জাগ্রত চৌরঙ্গী এলাকায় ১০/১২টি বাস ভাংচুর করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
