শর্তানুসারে পিডিবি’র লাইন আরইবি’কে হস্তান্তর না করলে বিশ্বব্যাংক প্রতিশ্রুত ঋণের বাকি অর্থ ছাড়বে না
শর্তানুসারে পিডিবি’র লাইন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কাছে হস্তান্তরের কাজ চলতি জুনের মধ্যে শেষ না হলে বিশ্বব্যাংক তার প্রতিশ্রুত ঋণের বাকি অর্থ ছাড় দেবে না।
বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে দেখা করে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল সোমবার তাদের এই মনোভাবের কথা জানান।
জবাবে প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে প্রায় ৬০০০ কিলোমিটার লাইন আরইবি’র কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু আদালতে মামলা ঝুলে থাকার কারণে প্রায় ৩০০০ কিলোমিটার লাইন হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। তিনি আশা করেন আদালতের গ্রীষ্মকালীন ছুটি শেষে এই বিষয়গুলো নিষ্পত্তি করে অবশিষ্ট লাইন আরইবি‘র কাছে হস্তান্তর করা যাবে।
বিশ্বব্যাংকের ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর অ্যান্টনি বোটরিল।
বিশ্বব্যাংক রুরাল ইলেক্টিফিকেশন এন্ড রিনিউয়েবল এনার্জি ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় সরকারের সাথে ১৯০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির শর্তানুসারে সরকার নিয়ন্ত্রিত ডেসা এবং পিডিবি’র কাছ থেকে ৯ হাজার ৪ শ’ ৭ কিলোমিটার লাইন আরইবি’র কাছে হস্তান্তর করতে হবে। সরকার গত ৩১ মে পর্যন্ত ৫৯৯২ কিলোমিটার লাইন আরইবি‘র কাছে হস্তান্তর করেছে।
এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিশ্বব্যাংক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার অবমুক্ত করেছে। আর প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয় যে, বাকি লাইন জুনের মধ্যে হস্তান্তরে সরকার ব্যর্থ হলে প্রকল্পের বাকি অর্থ তারা অবমুক্ত করবে না।
একই সাথে প্রতিনিধি দল জানান, নতুন প্রকল্পের আওতায় সিদ্ধিরগঞ্জ পিকিং প্লান্ট এবং চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্পে অর্থায়নে নেতিবাচক প্রভাব পড়বে।
