সোমবারও বৃষ্টি হতে পারে, মৌসুমি বায়ু প্রবাহের সম্ভাবনা
গত কয়েক সপ্তাহের তীব্র তাপদাহের পর রোববার ঢাকাসহ সারা দেশে এক পশলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে আসে।
ঢাকায় রোববার সন্ধ্যায় ৫৫ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া মংলায় ৫১ মি.মি, ফরিদপুরে ২৩ মি.মি, যশোরে ১২ মি.মি, খুলনায় নয় মি.মি এবং খেপুপাড়ায় তিন মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থী তাসনিম তাপদাহের তীব্রতার লেখাপড়ায় মন বসাতে পারছিল না। রোববারের বৃষ্টিপাতের পর তাসনিমের অভিব্যক্তি হচ্ছে, আহ! এটা বিরাট এক প্রশান্তি। গরমে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমাদের।
আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সোমাবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে তাপমাত্রাও কমে আসতে পারে।
তিনি আরও জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন দেশের মধ্যে প্রবাহিত হচ্ছে এবং এটি এখন কক্সবাজারের টেকনাফ উপকূলে অবস্থান করছে। দু-এক দিনের মধ্যে এটি দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে।
এদিকে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ।
