সোমবার শুরু হচ্ছে কুনমিং আন্তর্জাতিক মেলা
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ ইয়া ঙ্গুনের রাজধানী কুনমিং-এর ইউনান প্রদেশে সোমবার শুরু হচ্ছে ‘চীন কুনমিং আমদানি ও রপ্তানি পণ্য মেলা ২০০৫’।
চীনাসহ আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করতে প্রথমবারের মতো বাংলাদেশের ৩০টি নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে।
বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ও মেলায় অংশগ্রহণ করছে।
এ বছর আসিয়ানভূক্ত ও দক্ষিণ এশিয়ার দেশসমূহকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
মেলার আয়োজকদের একজন বিডিনিউজকে জানান, এবার দক্ষিণ এশিয়ার দেশসমূহের জন্য ২০টিরও বেশি স্টল বরাদ্ধ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জন্য রয়েছে ১০টি স্টল।
চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অন ইন্টারন্যাশনাল ট্রেড’র (সিসিপিআইটি) সহসাধারণ সম্পাদক জিয়াও বোরেন বলেন, কুনমিং মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে-ভৌগলিক নৈকট্যের বিস্তার ও সীমান্ত ব্যবহার। এর ফলে চীন, দক্ষিণপূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার বৃহৎ তিনটি বাজারে যোগাযোগ বৃদ্ধিসহ পারস্পরিক অর্থনৈথিক উন্নয়ন আরো বাড়বে।
ইউনানের ভৌগলিক অবস্থানগত সুবিধার কারণে এই রাজ্য-পর্যায়ের আঞ্চলিক রপ্তানি পণ্য মেলাটি এ প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে। ইউনান, সিচুয়ান ও গুইঝু প্রদেশ, স্বায়ত্বশাসিত অঞ্চল জুয়াংসি ঝুয়াং ও তিব্বত, চোংকিং পৌরসভা এবং চেংদু নগরীর সরকারসমূহের যৌথ সহযোগিতায় আয়োজন করা হয়েছে এ মেলা।
ইউনান ব্যুরো অব ফরেন ট্রেড এন্ড ইকোনোমিক কর্পোরেশন এর উপ পরিচালকের মতে, দেশের ২০টি প্রদেশের এক হাজার এন্টারপ্রাইজসহ বিশ্বের ৩৫টি দেশের চার হাজারেরও বেশি অতিথি এ মেলায় অতিথি হবেন।
এর আগে ১২টি মেলায় রেকর্ড পরিমান ২০ বিলিয়ন মার্কিন ডলারের ডিল হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ বাণিজ্য হয়েছে চীনের সাথে দক্ষিণপূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে।
ইউনান ব্যুরো অব ফরেন ট্রেড এন্ড ইকোনোমিক কর্পোরেশন এর একজন কর্মকর্তা বলেন, আগে কুনমিং মেলা ছিলো চীন এবং আসিয়ান দেশগুলোর প্রাথমিক বাণিজ্য প্লাটফর্ম। কিন্তু এ বছর দক্ষিণ এশীয় দেশগুলোর আরও অগ্রগতির বিষয়কে গুরুত্ব দেয়া হচ্ছে।
এবার ১০ আসিয়ান দেশ মেলায় অংশ নিয়েছে। স্টল সংখ্যা প্রায় তিন শ। এর মধ্যে থাইল্যান্ডের ৩০ , মায়ানমারের ৩০, মালয়েশিয়ার ১০ টি স্টল রয়েছে। ভারত এবং পাকিস্তানও মেলায় অংশ নিচ্ছে।
গত বছর সাউথ এশিয়ান হলে উদ্বোধনের মধ্য দিয়ে এই বাস্তবতাই স্পষ্ট হয়েছে যে, কুনমিং মেলায় দক্ষিণ এশিয়ার শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী এবং সেখানকার পণ্য সামগ্রীর জন্য আকর্ষণস্থল হয়ে উঠেছে। এর মধ্য দিয়ে মেলার প্রভাব এবং এ ব্যাপারে আগ্রহ বাড়ছে । তিনটি বড় বাজারের মধ্যে সহযোগিতাও বাড়ছে।
