বিদিশা ৩ দিনের রিমান্ডে
সাবেক সামরিক শাসক এবং জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের স্ত্রী বিদিশাকে রোববার তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ শনিবার বিকেলে বিদিশাকে গ্রেফতার করে। এর আগে এরশাদ তার বিরুদ্ধে জালিয়াতি, অর্থ আত্মসাৎ, চুরি, হত্যা চেষ্টা এবং ঘর তছনছ করার অভিযোগ এনে গুলশান থানায় মামলা দায়ের করেন।
বিদিশাকে রোববার দুপুর ৩টা ২৩ মিনিটে কড়া নিরাপত্তায় সিএমএম আদালতে হাজির করা হয়।
শত শত উৎসুক লোক তাকে এক নজর দেখার জন্যে সে সময় আদালত চত্বরে ভিড় জমায়।
এদিকে বিদিশার আইনজীবীরা বলেন, সিএমএম’র আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।
পুলিশ আদালত চত্বরে জড়ো হওয়া লোকজনের ওপর লাঠিচার্জ করেছে।
পুলিশ আদালতের ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ারের কাছে শুনানীর জন্যে বিদিশাকে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানালে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বিদিশাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হলে গভীর রাত থেকে পরের দিন দুপুর ২টা পর্যন্ত সেখানে তাকে থাকতে হয়।
বিদিশাকে দেখার জন্যে শত শত উৎসুক জনতা আদালত প্রাঙ্গণ ও এজলাসে সমবেত হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।
এ সময় বিদিশাকে বিষন্ন ও অসুস্থ দেখাচ্ছিল। মহিলা পুলিশরা তাকে আদালতের দ্বিতীয় তলায় নিয়ে যায়।
বিদিশাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত করে পুলিশি রিমান্ড মঞ্জুর করায় বিদিশার আইনজীবী শফিউর রহমান অসন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ম্যাজিস্ট্রেট সরকারের নির্দেশে পুলিশের মাধ্যমে এগুলো করাচ্ছে।
বিদিশা’র আইনজীবী আরও বলেন, আমার মক্কেল একজন রোগী এবং একজন মা-ও বটে। তার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেয়া হয়েছে। আদালত এটি আমলে নেয়নি।
বিদিশার আরেক আইনজীবী আয়েশা সিদ্দিকী বিডিনিউজকে জানান, বিদিশার ছেলে এরিক এবং পালক পুত্র আলম সম্পূর্ণভাবে তার ওপর নির্ভরশীল এবং এরিক বিকলাঙ্গ হওয়ায় তিনি আদালতের কাছে আপিল করেছিলেন।
বিদিশা’র আর্তির উদ্বৃত্তি দিয়ে আয়েশা সিদ্দিকী আদালতে বলেন, আমি আমার সন্তানকে ফিরে পেলে এ দেশ ছেড়ে চলে যাবো।
শুনানীকালে সরকার পক্ষের আইনজীবী বলেন, বিদিশা তার স্বামী এরশাদকে হত্যা করার জন্যে সন্ত্রাসী ভাড়া করেছিল। ওইসব ভাড়াটে খুনিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিদিশা’র পিতা অধ্যাপক আবু বকর সিদ্দিক, বোন মনিষা এবং ভাই তখন আদালতে উপস্থিত ছিলেন। মনিষাকে এ সময় কাঁদতে দেখা যায়।
বিদিশার বাবা সকাল সোয়া ৯টা থেকে ঘন্টাকাল গুলশান থানায় অপেক্ষা করার পর পুলিশ মেয়ের সাথে পাঁচ মিনিট কথা বলার সুযোগ দেন।
থানা থেকে বেরিয়ে আবু বকর সিদ্দিক অপেক্ষমান সাংবাদিকদের বলেন, তার মেয়ে এরশাদের কাছে ক্ষমা চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে।
এর আগে বৃহস্পতিবার এরশাদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিদিশাকে দল থেকে বহিস্কার করেন এবং তিন বছরের ছেলে এরিককে শনিবার গুলশান থানায় মায়ের কোল থেকে কেড়ে নেন।
