২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি পরিস্থিতি: সহিংস ঘটনা তদন্ত কমিটিকে অতিরিক্ত ১৫ দিন সময় দেওয়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংস ঘটনা তদন্তে গঠিত ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত ১৫ দিন সময় দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৯ এবং ৩১ মে’র সহিংস ঘটনা তদন্তে ওই কমিটি গঠিত হয়। কমিটি শনিবার কর্তৃপক্ষের কাছে আরও সময় চেয়ে আবেদন করে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ।

ঘটনার তদন্তে কোনও আইনগত জটিলতা আছে কিনা তা জানতে চেয়েও কমিটি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠায়।

ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় ২৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী শাম্মী আখতার নিহত হওয়ার পর এখনও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

অপরদিকে, ছাত্রদল ক্যাম্পাসে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে। পাশাপাশি, ছাত্রলীগের নেতা-কর্মীদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ার কারণে ছাত্রলীগ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচী পালন করবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় শহীদ মিনার, স্বোপার্জিত স্বাধীনতা এবং রাজু ভাষ্কর্যে কোনও ধরণের কর্মসূচি করার অনুমতি দেবে না বলে জানিয়েছেন প্রক্টর আকা ফিরোজ আহমেদ।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা দিয়ে ছাত্রলীগের একদল নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশের সময় রোববার সকাল দশটায় পুলিশ বাধা দেয়।

এছাড়া ক্যাম্পাসে রোববার অন্য কোনও সংগঠনের কর্মীদেরও দেখা যায়নি। ছাত্রদলের নেতা-কর্মীদেরও এদিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে পাহারা দিতে দেখা যায়নি।

এ পরিস্থিতিতে ক্যাম্পাসে প্রায় নির্জন অবস্থা বিরাজ করে।