বাজেট ২০০৫-০৬: জুলাই থেকে কর ন্যায়পাল কার্যকর হচ্ছে
বহুল আলোচিত কর ন্যায়পাল বিল ১ জুলাই থেকে কার্যকর করার জন্য শিগগিরই জাতীয় সংসদে পাস হতে যাচ্ছে। এনবিআর সূত্রে এ তথ্য জানানো হয়।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে কর ন্যায়পাল বিল সোমবার মন্ত্রী পরিষদের অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।
মন্ত্রী পরিষদের অনুমোদন নিয়ে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাজেট পেশ করবেন।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান জুলাই মাস থেকে কর ন্যায়পাল কার্যকর করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।
এছাড়া, পরবর্তী বাজেটে কর আদায়ের কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে যাতে করে জিডিপি’র হার বর্তমান ১০ দশমিক ৩ থেকে ১৫-১৬ শতাংশে বৃদ্ধি করার কথা।
পূর্ববর্তী ২০০৩-০৪ অর্থ বছরের তুলনায় চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়কালে কর সংগ্রহ ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গতবারের তুলনায় এবারের কর আদায়ে অগ্রগতি যথেষ্ট ভাল।
২০০৩-০৪ অর্থ বছরে শতকরা ৭৩ ভাগ কর আদায় হলেও এনবিআর কর আদায়ে চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনে শতকরা ৭১ ভাগ সফল হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, কর-জিডিপি’র হার ১৯৯১-৯৫ সময়কালের ৮ দশমিক ৫ শতাংশ থেকে ২০০১-০৪ সময়কালে ১০ দশমিক ৭ শতাংশে বৃদ্ধি পেয়েছে।
কর পরিশোধে বাংলাদেশের অবস্থান বিশ্বে সবচাইতে নিচের দিকে থাকায় বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে। যে কারনে অর্থমন্ত্রী সাইফুর রহমান এনবিআর’এ ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিচ্ছেন।
এক কর্মকর্তা জানান, প্রায় ৬৪ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা আসছে যা চলতি বছরের তুলনায় ৬ হাজার ৫ শ’ কোটি টাকা বেশি।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ৯ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করবেন।
