২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগ হত্যাকাণ্ডে আরমানের সংশ্লিষ্টতা জানতে সাবেক ওয়ার্ড কমিশনার গ্রেফতার, রাতভর জিজ্ঞাসাবাদের পরে ভোরে মুক্তি

জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ‘ডাঃ এইচ বি এম ইকবালের মিছিল থেকে’ বিএনপির মিছিলে গুলিবর্ষণের ঘটনায় আরমানের সংশ্লিষ্টতা প্রমাণে শনিবার রাতে র‌্যাব সদস্যরা ৫৪ নম্বর ওয়ার্ডের তৎকালীন কমিশনার মোখলেসুল রহমানকে আটক করে। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে তাকে রোববার সকালে ছেড়ে দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 06:31 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

র‌্যাব-২ সূত্র জানায়, রাতভর তাকে বিএনপির মিছিলে গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়।

মোখলেসুর রহমানের পারিবারিক সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটায় তাকে র‌্যাব সদস্যরা আটক করে।

’মালিবাগ হত্যাকান্ড’ নামে খ্যাত ২০০১ সালে বিএনপি’র ডাকে হরতাল পালনকালে মিছিলে অজ্ঞাত সন্ত্রাসীদের প্রকাশ্য গুলিবর্ষণে একজন পুলিশসহ চারজন বিএনপি কর্মী নিহত হয়। আহত হয় অনেকে। এই হত্যাকান্ড সে সময়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। হত্যাকান্ডে আরমান ও তার সহযোগী সন্ত্রাসীরা জড়িত ছিলো বলে অভিযোগ রয়েছে। যদিও র‌্যাবের জিজ্ঞাসাবাদে আরমান এ ঘটনার সাথে জড়িত ছিলো না বলে দাবি করেছে।

এদিকে র‌্যাব এর যৌথ জিজ্ঞাসাবাদ সেলে শনিবার আরমানকে সাত দিনের রিমান্ডে নিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে আন্ডারওয়ার্ল্ডের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সুত্র জানায়, র‌্যাবের কাছে তার গডফাদার হিসেবে কয়েকজন শীর্ষ ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতার নাম প্রকাশ করেছে আরমান।

তার স্বীকারোক্তি মোতাবেক র‌্যাব সদস্যরা মিরপুর রোডের একটি সুপার মার্কেটের বনিক সমিতির সাধারণ সম্পাদক এবং একটি প্রখ্যাত শাড়ি বিপনীর মালিককে ধরার জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। কিন্তু কাউকে আটক করতে পারেনি। র‌্যাব জানায়, আরমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই তারা গা ঢাকা দিয়েছে। তাদের বাড়িতে অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি।

আরমান গ্রেপ্তার হওয়ার পর রাজধানীর মগবাজার এলাকায় গিয়ে তার সন্ত্রাসী কার্যক্রম, সন্ত্রাসের ধরন এবং তার গডফাদারদের সম্পর্কে জানা যায় চাঞ্চল্যকর তথ্য। এলাকার অনেকেই জানান, আরমান তার সন্ত্রাসী কার্যক্রম চালাতো পুলিশের এক শ্রেণীর ডিবি কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে।

সূত্র জানায়, রাজনৈতিক মদদে আরমান ডিবির দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মাসোহারা দিয়ে বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজ করতো। প্রতিপক্ষকে ঘায়েল করা, এমনকি কখনও খুন করার কাজেও তাদের সহযোগিতা নিতো বলে জানা যায়।

সূত্র জানায়, মগবাজারের জনৈক সাঈদের দোকানে ডিবি এবং থানা পুলিশের সব শ্রেণীর কর্মকর্তাদের জন্য মাসোহারা গচ্ছিত রাখা হতো। এসব ডিবি কর্মকর্তারা সেই দোকান থেকে সংগ্রহ করতো তাদের মাসোহারা। যৌথ জিজ্ঞাসাবাদ সেলে আরমান কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নামও প্রকাশ করেছে বলে বিশ্বস্ত সূত্র জানায়।