২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাময়যোগ্য অন্ধত্ব মোকাবেলায় এগিয়ে আসুন : জোয়ানা লামলে

সফররত ব্রিটিশ অভিনেত্রী সাইট সেভারস ইন্টারন্যাশনালের (এসএসআই) সমর্থক জোয়ানা লামলে বলেছেন, বাংলাদেশে প্রায় ৭ লাখ ৫০ হাজার দৃষ্টিহীন মানুষ রয়েছে এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে ৮০ শতাংশের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়া সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

তিনি বেসরকারী উদ্যেক্তা, দাতা সংস্থা, গণমাধ্যম ও নীতি নির্ধারকসহ সমাজের প্রতিটি মানুষকে এ ক্ষেত্রে এগিয়ে আসতে এবং নিরাময়যোগ্য অন্ধত্ব দূরীকরণ উদ্যোগকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেয়ার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে প্রাপ্ত বয়স্ক অন্ধ লোকের সংখ্যা কমপক্ষে ৬ লাখ ৫০ হাজার। ৪০ হাজার অন্ধ শিশুও রয়েছে। এর মধ্যে ১৩ হাজার ক্ষেত্রে এটি নিরাময়যোগ্য। সাধারণ জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রম যেমন-টিকা দেয়া, ভিটামিন এ খাওয়ানো এবং শিশুকে বুকের দুধপান করানোর মাধ্যমে সহজেই অন্ধত্ব সাড়ানো সম্ভবপর আরও ১৩ হাজার। প্রেস বিজ্ঞপ্তি।

লামলে রোববার রাজধানীতে সাইট সেভারস ইন্টারন্যাশনাল-বাংলাদেশ আয়োজিত সাংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সম্মেলনে কয়েকদিনের অভিজ্ঞতা বিনিময়কালে তিনি বলেন, ‘একটি সাধারণ অপারেশনের মাধ্যমে একটি শিশুর জীবনে আমূল পরিবর্তন এনে দেয়ার ব্যাপারটি ছিল এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা। বাংলাদেশে পৌঁছে প্রথম দিনই আমি নরসিংদীর একটি গ্রামে পাঁচ বছরের আরিফকে দেখতে গিয়েছি। চোখের ছানির কারণে সে ছিল অন্ধ। শনিবার তার অপারেশন দেখলাম। মাত্র ১৫ মিনিটের ছোট্ট অপারেশন ফিরিয়ে দিল তার দৃষ্টি। রোববার সকালে তার ব্যাণ্ডেজ খোলা হয়। এ স্মরণীয় মুহূর্র্তটিকে আমি কখনো ভুলবো না। তার হাস্যেজ্জ্বল মুখ ও চোখ দেখে মনে হচ্ছিল সমস্ত পৃথিবী যেন এই মাত্র তার সামনে উন্মোচিত হয়েছে।

সাইট সেভারস ইন্টারন্যাশনাল এর বিখ্যাত এই সমর্থক বলেন, অন্ধত্ব দূরীকরণ ও দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সাইট সেভারস বিশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, চোখের ছানি পড়ার কারণে অন্ধ হয়েছেন-এমন একজন বাংলাদেশী মাত্র দু’হাজার টাকার বিনিময়ে তার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন।

সাইট সেভারস ইন্টারন্যাশনাল-বাংলাদেশ প্রতিনিধি ড. এনামুল কবির বলেন, যে শিশুরা অন্ধ হচ্ছে তাদের পরিবার জানে না, অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্ভব। তারা মনে করে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ তাদের নেই। অধিকাংশ মানুষই জানে না যে, ৭৫ শতাংশ অন্ধত্বই সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব।

সাইট সেভারস ইন্টারন্যাশনাল-বাংলাদেশ’র ড. আলমগীর হোসেন এবং জাহিদুল ইসলামও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।