চাঁপাইনবাবগঞ্জের বাজারে আম আছে ক্রেতা নেই, ব্যবসায়ীদের মাথায় হাত
চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। শত শত মন পাকা আমে বাজার সয়লাব হলেও সে অনুপাতে ক্রেতা নেই।
অন্যদিকে লোকশান গুনতে গুনতে বাগান ক্রেতাদের মাথায় হাত। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় জেলায় মওসুমের শুরুতেই আম ব্যবসায় বিপর্যয় দেখা দিয়েছে।
মহানন্দা ঘাট ও কানসাট আম বাজারে গত ক’দিনে পাকা আমের সরবরাহ বেড়েছে। লাগাতার তাপদাহ ও রেকর্ড পরিমান তাপমাত্রায় একযোগে আগাম জাতের সব আম পেকে গেছে। গোপালভোগ, খিরসাপাতি, বিভিন্ন ধরনের স্থানীয় গুটি আম, ল্যাংড়া ও মহানন্দায় (সাটিয়ার ক্যারা) বাজার সয়লাব।
গুটি আম বাদে অন্যসব আম খুবই মিষ্টি হয়, কিন্তু হলে কি? এখন তাদের বাজার দর ভাল নয়। ওইসব জাতের আম এখন ৬০০ থেকে ৮০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এসব আম কিনতে মন প্রতি হাজার টাকার উপর লেগেছে। ফলে বড় রকমের লোকসান গুনতে হচ্ছে তাদের।
অন্যদিকে সরবরাহের তুলনায় বাজারে ক্রেতার সংখ্যা কম। বাজারে দেশীয় পাইকারি ব্যবসায়ীদের উপস্থিতি ঘটেনি এখনও। খাদ্য ও শিল্প প্রতিষ্ঠানগুলোও কেনাকাটা শুরু করেনি। ফলে বাজার জমে উঠেনি।
এদিকে আগাম জাত ছাড়াও নাবী জাতের আমও পাকতে শুরু করেছে। বিষয়টি অধিক মাত্রায় ভাবিয়ে তুলেছে বাগান মালিকদের।
এ ব্যাপারে জেলার আম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম মর্তুজা জানান ৩০ ডিগ্রি তাপমাত্রা হলেই আম পাকা শুরু হয়। অথচ এবছর তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠেছে, অতএব আমের ব্যাপক ক্ষতির কারণ তো আছেই।
