পাবনায় যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু
পাবনার সুজানগরে যৌতুকের দাবিতে স্বামীর নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ জাহেদা নয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
পুলিশ জানায়, সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের কামাল হোসেন যৌতুকের দাবিতে প্রায়শই তার স্ত্রী জাহেদার (২৮) ওপর নির্যাতন চালাত। বরাবরের মতো গত ২৭ মে কামাল জাহেদাকে তার বাবার কাছ থেকে মোটা অংকের টাকা এনে দিতে বলে। কিন্তু জাহেদার দরিদ্র পিতার পক্ষে এত টাকা দেয়া সম্ভব নয় বলে সে কামালকে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কামাল জাহেদার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয়।
গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ নয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার রাতে জাহেদা মারা যায়।
জাহেদা মারা যাওয়ার পর থেকে ঘাতক স্বামী কামাল পলাতক রয়েছে।
এ ব্যাপারে সুজানগর থানায় মামালা দায়ের করা হয়েছে।
