বড়পুকুরিয়া কয়লা খনি: সিএমসি’র সাথে সরকারের ৮২ মিলিয়ন ডলারের চুক্তিস্বাক্ষর
চায়না মেশিনারি এক্সপোর্ট ইমপোর্ট করপোরেশন (সিএমসি)’র সাথে সরকার শনিবার বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ৮২ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।
রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত পেট্রোবাংলার বোর্ড রুমে বড়পুকুরিয়া কয়েল মাইনিং কোম্পানি লিমিটেড এর সচিব মাহফুজুর রহমান এবং সিএমসি’র জুহো কয়েল মাইনিং গ্রুপের পক্ষে তাং ই এই চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির মোট অর্থের মধ্যে ৫৫ দশমিক ৫৫ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রায় এবং বাকি অর্থ স্থানীয় মুদ্রায় পরিশোধ করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাহফুজুর রহমান বলেন, “আমরা সিএমসি’র সাফল্য কামনা করছি।”
তাং ই বলেন, “আমরা বড়ুকুরিয়া কয়লা খনিকে একটি চ্যালেঞ্জ হিসবে নিয়েছি এবং প্রেট্রোবাংলার সহযোগিতায় আমরা সফল হবোই।”
চুক্তির শর্তানুযায়ী চীনা প্রতিষ্ঠানটি উত্তোলিত প্রতি টন কয়লা থেকে ১৭ দশমিক ২৩৬ ডলার পাবে।
১৯৯৪ সালে বড়পুুকুরিয়া কয়লা ক্ষেত্রের উন্নয়নের কাজ হাতে নেয়া হয়। তবে কয়লা খনির মুল উন্নয়ন কাজ শুরু হয় ১৯৯৬ সালে। ১৯৯৮ সালে এক দুর্ঘটনায় খনিতে পানি ঢুকে পড়লে এর উন্নয়ন কাজ স্থগিত হয়ে যায়। ২০০০ সালে উন্নয়ন কার্যক্রমের নকশা এবং লেআউট পরিবর্তনের মাধ্যমে পুনরায় এর কাজ শুরু হয়। শেষ পর্যন্ত এবছর ৩১ মে খনির উন্নয়ন কাজ সমাপ্ত হয়।
কর্মকর্তারা জানান, কয়লাখনির উন্নয়নে মোট ব্যয় হয়েছে ১৯৪ দশমিক ৯১ মিলিয়ন ডলার। এরমধ্যে ১২৪ দশমিক ৮৪ মিলিয়ন ডলার বৈদেশিক এবং স্থানীয়ভাবে ৭০ দশমিক ০৪ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এই প্রকল্পে চীনের সাপ্লায়ার্স ক্রেডিটের পরিমান ১০৯ দশমিক ২ মিলিয়ন ডলার।
বড়পুকুরয়া কয়লা খনি থেকে উত্তোলিত প্রতি টন কয়লার শুল্ক ধার্য করা হয়েছে ৬০ ডলার। এই খনির কয়লা ব্যবহার করেই দেশের প্রথম কয়লা নির্ভর ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠছে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে এবছর অক্টোবরেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে জ্বালানি সচিব একেএম জাফর উল্লাহ খান, পেট্রোবাংলার চেয়ারম্যান এসআর ওসমানী এবং সিএমসি’র স্থানীয় প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
