২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থলপথে ইলিশ আমদানী নিষেধাজ্ঞা প্রত্যাহারে পশ্চিমবঙ্গ সরকারের আবেদন

পশ্চিম বঙ্গ সরকার বাংলাদেশের রুপালী মাছ ইলিশ থেকে সেখানকার বাঙ্গালীদের বঞ্চিত করতে চায়না। আর সে কারণেই পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ থেকে স্থল পথে ইলিশ আমদানীর চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নতুন দিল্লী সরকারের কাছে আবেদন জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দিল্লী সরকারের মুখ্য সচিবের সাথে এ ব্যাপরে কথা বলেছেন বলে টেলিগ্রাফ পত্রিকা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ইস্টার্ন এনিমেল কোয়ার্টাইন অ্যান্ড সার্টিফিকেশন সার্ভিসেস কর্তৃক গত ১৬ মে বাংলাদেশ থেকে ইলিশ আমদানীর ব্যাপারে ইলিশ আমদানিকারক সমিতির প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়। বুদ্ধদেব বলেন, দ্রুত যেন এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় সে ব্যাপরে মুখ্য সচিবের সাথে আমার বিস্তারিত কথা হয়েছে।

মৎস্য সচিব রাচপাল সিং খালন আমদানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যথাযথ ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।

পশ্চিমবঙ্গে আমদানীকৃত ইলিশ মাছের ৮০ শতাংশই বাংলাদেশ থেকে আমদানী করা হয়।

ইলিশ আমদানীকারক সংগঠনের সম্পাদক আলহাজ্ব সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, আমরা মুখ্যমন্ত্রী এবং মৎস্য মন্ত্রণালয়কে আমাদের সমস্যার কথা জানিয়ে বৃহস্পতিবার চিঠি দিয়েছি। গত ১২ বছর ধরে আমরা বাংলাদেশ থেকে ইলিশ আমদানী করছি এবং সেটা অব্যাহত রাখতে চাই।

ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের ২০০১ সালের এক গেজেট অনুযায়ী ‘স্যানিটারি ইমপোর্ট পারমিট’ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, এখন থেকে স্থলপথে আর ইলিশ আসতে পারেব না। আমদানী করতে হলে করতে হবে হয় জলপথে কিংবা আকাশপথে।

মাসুদ বলেন,এ নিয়ম সংক্রান্ত আদেশ ২০০৪ সালের ডিসেম্বরে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্দরে পৌঁছায় এবং তখন আমাদের বন্দর থেকে বলা হয় স্থলপথে তারা আর ইলিশ আমদানী করতে দেবে না।

মাসুদ বলেন, ইলিশের মৌসুম মাত্র শুরু হলো। আমাদের যদি এখন স্থলপথে ইলিশ আমদানী করতে না দেয়া হয় তাহলে ইলিশের দাম অনেক বেড়ে যাবে।

মাসুদ বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানী করা হয়।

বাংলাদেশের রপ্তানিকারকেদের জন্যও এটা একটা খারাপ খবর। বাংলাদেশ তার ইলিশ রপ্তানির ৯০ ভাগই করে থাকে কলকাতার বাজারে।

কলকাতার আমদানিকারকরা জানান, তারা স্থলপথেই ইলিশ আমদানীতে বেশী আগ্রহী। তাদের মতে যদি জলপথ কিংবা আকাশপথে ইলিশ আমদানী করতে হয় তাহলে তাদের খরচ অনেক বেড়ে যাবে।