ভারতীয় জঙ্গিদের ওপর বাংলাদেশের অভিযান, ভারতকে অবহিত
ভারতীয় জঙ্গিদের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে এ সরকারের গৃহিত অভিযানের খবরটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
ভারতীয় সীমান্ত বাহিনী’র (বিএসএফ) ইন্সপেক্টর জেনারেল এসসি শ্রীবাস্তব শিলংয়ে একটি সংবাদ সংস্থাকে টেলিফোনে জানান, বাংলাদেশ তার অভ্যন্তরে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ওপর অভিযান চালিয়ে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার দৃষ্টান্ত স্থাপন করেছে। এরপরেও যে কোনও ধরনের সহিংস ঘটনা এড়ানোর জন্য সবগুলো সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক ব্যবস্থার গ্রহণ করেছি।
এদিকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা জঙ্গিদের অনুপ্রবেশ রোধে সবগুলো সীমান্তে ব্যাপক সতর্কাবস্থায় অবস্থান করেছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৪০৯৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে রয়েছে এর অর্ধেকের বেশী। এসব সীমান্তের মধ্যে কমপক্ষে শতকরা ৮০ ভাগই অরক্ষিত অবস্থায় রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর গত সপ্তাহে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয় ও ত্রিপুরার সাথে দেশের আটটি সীমান্তবর্তী জেলায় যৌথ অভিযান চালিয়ে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের হটানোর উদ্যোগ নেয়।
শ্রীবাস্তব বলেন, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ওপর বাংলাদেশের আক্রমন সম্পর্কে বিস্তারিত কিছু জানা হয়নি। এ ব্যাপারে সীমান্তবর্তী এলাকার বিদ্রোহীদের আনাগোনা সম্পর্কেও আমাদের ধারনা নেই।
বাংলাদেশ থেকে কোনও জঙ্গি উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশ করলে তাদের ঠেকানোর মত যথেষ্ট সামর্থ রয়েছে আমাদের বাহিনীর। সবারই বুঝতে হবে যে, সীমান্ত কখনও নিশ্ছিদ্র থাকেনা এবং এটা বৈরিতাপূর্ন এলাকা হিসেবেই পরিচিত।
আগামী ২০ জুন নয়াদিল্লীতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হওয়ার প্রাক্কালে ভাতীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআরের অভিযান পরিচালিত হয়।
ভারতীয় গোযেন্দা কর্মকর্তাদের বক্তব্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা), ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) এবং অল ত্রিপুরা টাইগার ফোর্সের (এটিটিএফ) সদস্যরা উত্তর-পূর্বাঞ্চলীয় বিদ্রোহী দলের নেতারা বাংলাদেশে অবস্থান নিয়েছিল।
