অরক্ষিত অবস্থায় নড়াইলের ইউ.এইচ.এফ ষ্টেশন
শহরের রুপগঞ্জ চিত্রা নদীর তীরে অবস্থিত ইউ.এইচ.এফ স্টেশনটি (টষঃৎধ-ঐরময ঋৎববয়ঁবহপু) এখন কার্যত অরক্ষিত। অফিসটির সংরক্ষিত এলাকা এখন অরক্ষিত এলাকায় পরিণত হয়েছে।
অফিসটির প্রাচীরের সিংহভাগই ভেঙ্গে মাটির সাথে মিশে গেছে। অথচ সরকারের গুরুত্বপূর্ণ এই সম্পদ সংরক্ষণে কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই।
নড়াইল ইউ.এইচ.এফ‘র প্রধান অফিসটি ২ একর ৭২ শতাংশ জমির ওপর অবস্থিত। অফিস স্টাফদের জন্য রয়েছে তিনটি কোয়ার্টার, একটি অফিস ঘর এবং একটি ইঞ্জিন রুম। অফিসটিতে কর্মরত মোট কর্মকর্তা কর্মচারি চার জন। এদের দুই জন উপ-সহকারী প্রকৌশলী এবং দুই জন টেকনিশিয়ান। যোগাযোগ ব্যবস্থায় অফিসটি সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ এই মূল্যবান সম্পদ রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই।
অফিস স্টাফরা বিডিনিউজকে জানান, ১৯৮৩ সালে এই প্রাচীরটি নির্মান করা হয়েছিল। কিন্তু ত্রুটিপূর্ণ নির্মান ব্যবস্থা এবং দীর্ঘদিন ধরে মেরামত না করার জন্য প্রাচীরটির সামান্য অংশ ছাড়া প্রায় সবটাই ভেঙ্গে পড়েছে। ২০০২ সালে নড়াইল অফিসের তরফ থেকে প্রধান দপ্তর মাইক্রোওয়েভ সংরক্ষণ বিভাগ-১ ঢাকা বরাবর লিখিতভাবে প্রাচীরটির পুনঃনির্মানের জন্য আবেদন জানানো হয়। এই আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে কর্তৃপক্ষ প্রাচীরটির প্রাক্কলন চেয়ে পাঠায়।
কিন্তু প্রাক্কলন পাঠানোর পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত প্রাচীরটি সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে সরকারের এই মূল্যবান প্রতিষ্ঠানটি রয়েছে একপ্রকার নিরাপত্তাহীনতায়।
ইতোমধ্যে, প্রাচীর সংশ্লিষ্ট কাঁটাতার এবং এ্যাঙ্গেলগুলো চুরি হয়ে গেছে। প্রাচীরের ইটগুলোও চুরি হয়ে যাচ্ছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটির সার্বিক নিরাপত্তায় কর্তৃপক্ষের এখনই যথাযথ পদক্ষেপ নেয়া উচিত।
