২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সাথে সফররত ইরানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সাক্ষাত

বাংলাদেশ সফররত ইরানের সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স বিষয়ক মন্ত্রী আহমেদ মাসজেদ জামেয়ী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এ সময় সফররত মন্ত্রী প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্ট খাতামির শুভেচ্ছা পৌঁছে দেন। প্রধানমন্ত্রীও তার মাধ্যমে ইরানের প্রেসিডেন্টকে তার শুভেচ্ছা জানান।

সাক্ষাতকালে দুই নেতা বাংলাদেশ ও ইরানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা, সাংবাদিকদের প্রশিক্ষণ, শিক্ষা ও বৃত্তি প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

১৯৭৭ সালে এ দুটি দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া দু দেশের মধ্যে একটি ‘কালচারাল জয়েন্ট কমিশন’ গঠনের ব্যাপারেও ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ফার্সী ভাষায় অনুবাদের জন্যে ইরানের মন্ত্রীর প্রতি আহ্বান জানান। ইরানের মন্ত্রী মাসজেদ জামেয়ী এ ব্যাপারে তার নিজের আগ্রহের কথাও প্রধানমন্ত্রীকে জানান। এছাড়া তিনি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণেরও আগ্রহ প্রকাশ করেন।

সফররত মন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, ইউনেস্কো ২০০৬ সালে ইরানের প্রদেশ এস্পাহান-এ এশিয়ার সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করবে। তিনি ওই অনুষ্ঠানে যোগদানের জন্যে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান।

আহমেদ মাসজিদ জামেয়ী জানান, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের পরিবেশ উন্নয়নে অর্জিত সাফল্য ইরানের পার্লামেন্টে প্রশংসিত হয়েছে।