ড. মজিবর রহমান খান বিইআরসি চেয়ারম্যান
অবশেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।
পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ড. মজিবর রহমান খানকে তিন বছর মেয়াদে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
বিইআরসি ১৩ মাসের অধিক সময় চেয়ারম্যানহীনভাবে চলার পর বৃহস্পতিবার এই নিয়োগ দেয়া হলো। অবশ্য অপর দু’ সদস্যের নিয়োগ চূড়ান্ত করা হয়নি।
২০০৪ সালের ২৭ এপিল পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন এবং ডেসকোর পরিচালক অর্থ শওকত হোসেনকে বিইআরসি‘র সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়। মোঃ মোশাররফ হোসেন সে সময় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আইন অনুসারে প্রথম বছরে চেয়ারম্যানসহ তিন এবং এবং এক বছর পর অপর দু’ সদস্য নিয়োগ দেয়ার বিধান ছিল। কিন্তু এর আগে নিয়োগ কমিটির সুপারিশ অনুসারে দু’জন সদস্য নিয়োগ দেয়া হলেও চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়নি।
জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগামী সপ্তাহে দু’ নতুন সদস্যের নিয়োগ চূড়ান্ত করা হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোঃ আবদুল জলিল এবং পিডিবি‘র সাবেক প্রধান প্রকৌশলী আবদুল জলিলকে সদস্য হিসেবে নিয়োগ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বিডিনিউজকে বলেন, আমি আশাবাদী আগামী সপ্তাহের মধ্যে দু’জন সদস্য নিয়োগ চূড়ান্ত করা হবে। কাদের নিয়োগ দেয়া হতে পারে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
