ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের প্রবেশে বাধা
পুলিশের প্রত্যক্ষ সহায়তায় জাতীয়তাবাদী ছাত্রদলের ক্যাডাররা বুধবার ছাত্রলীগের কর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের সময় বাধা দেয়। এ সময় বিরোধী দলীয় বেশ কিছু কর্মী আহত হয়।
অন্যদিকে, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে এক মাসের গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে। তাই এ সময় পুরো ক্যাম্পাস প্রায় নির্জন ছিল। ঢাবি কর্তৃৃপক্ষ সড়ক দুর্ঘটনায় শাম্মী আখতারের মৃত্যুর পর অস্থিতিশীল পরিবেশের কারণে সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ ক্যাম্পাসের সব প্রবেশ মুখে পাহারা দেয়, যাতে ছাত্রলীগের কর্মী-সমর্থকরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে ক্যাম্পাসের প্রবেশমুখ নীলক্ষেত, শাহবাগ, চানখারপুল, কার্জন হল, ঢাকা মেডিক্যাল কলেজ, পলাশী এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রদলের কর্মীদের অবস্থান করতে দেখা যায়।
ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে এ সময় ছাত্রলীগের কমপক্ষে তিনজন কর্মী আহত হয়। এদের মধ্যে আছে-ইসলামিক স্টাডিজের তৃতীয় বর্ষের ছাত্র ইমামুল হক সরকার টিটু এবং সলিমুল্লাহ হলের ছাত্র ফয়সাল।
এর আগে মঙ্গলবার ছাত্রদলের মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল ক্যাম্পাসে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে। ছাত্রলীগের একটি মিছিল সেদিন ছাত্রদলের সমাবেশ পার হওয়ার সময় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে ছাত্রদলের কর্মীরা বেপরোয়াভাবে ছাত্রলীগ কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়।
বুধবার সকাল নয়টায় ছাত্রলীগ কর্মীরা হাইকোর্টের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তারা পিছিয়ে যেতে বাধ্য হয়।
এছাড়া বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে ছাত্রদলের হামলার বিরুদ্ধে মিছিল করে।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ঢাবি কর্তৃপক্ষের ব্যর্থতার বিষয়টিকে তারা এ সময় লজ্জাজনক ঘটনা বলে অভিহিত করে। তারা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে।
একটি অরাজনৈতিক সংগঠন ‘নির্যাতনবিরোধী শিক্ষার্থী’ সকল ধরনের হামলার নিন্দা করে এক সংবাদ সম্মেলনে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে।
শাম্মী নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ রাশিদুল হাসানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির কাজ এখনও শুরু হয়নি। ওই কমিটির তিনজন সদস্য ইতোমধ্যেই কমিটি থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবারের বোমা বিস্ফোণের ঘটনাও কমিটি তদন্ত করবে বলে জানা যায়।
শনিবার শাহবাগে বাস চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী শাম্মী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রদলের কর্মীরা হামলা চালায়। বাসচালক এখনও গ্রেফতার হয়নি।
