২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার মেঘনায় ৫ জলদস্যু দলের তাণ্ডব, ২৫ ট্রলার ছিনতাই

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে শনিবার পাঁচটি জলদস্যু বাহিনী গণডাকাতি শেষে ২৫টি মাছ ধরা ট্রলার ছিনতাই করে নিয়ে যায়। এসময় ডাকাতদের আক্রমনে অর্ধশত জেলে ও মাঝি আহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 07:21 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সূত্র জানায়, মেঘনায় ইলিশ ধরার মৌসুম শুরু হওয়ার পর থেকেই জলদস্যুদের উৎপাত শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে দস্যুরা মাছ ধরা ট্রলার ডাকাতি শেষে ট্রলার নিয়ে যাচ্ছে। পরে তিন হাজার টাকার বিনিময়ে তাদের কাছ থেকে স্লিপ সংগ্রহ করে ট্রলার মালিকরা মাছ ধরতে যায়। দস্যুদের কাছ থেকে ট্রলার ছাড়িয়ে আনতে মালিকদের মোটা অংকের টাকা দিতে হয়।

স্লিপ না নিয়ে মাছ ধরতে যাওয়া এবং সাংবাদিকদের তথ্য দেওয়ার কারণে শনিবার সন্ধ্যায় বাচ্চু বাহিনী, বাশার বাহিনী, সাকা বাহিনী, সাজু বাহিনী ও মজিদ বাহিনী একযোগে মেঘনায় গণডাকাতি চালায় এবং ২৫টি মাছ ধরা ট্রলার ছিনতাই করে নিয়ে যায়।

তজুমদ্দিন মৎসজীবী সমিতি এবং জেলা বিএনপির সম্পাদক মহিবুল্লাহ নাগর জানান, চর জহিরউদ্দিন সংলগ্ন মৌলভীর চরে পুলিশ ক্যাম্প না থাকায় এই চ্যানেল দিয়ে প্রায়ই জলদস্যু দল মেঘনায় প্রবেশ করে ডাকাতি চালায়। ট্রলারের মুক্তিপণ হিসেবে ৩০ থেকে ৫০ হাজার টাকা জলদস্যুদের হাতে তুলে দিতে হয়।

শনিবার গণডাকাতির পর পুলিশ রোববার মেঘনায় অভিযানে বের হয়েছে বলে সূত্র জানিয়েছে।

মেঘনায় জলদস্যুদের অব্যাহত হামলায় তজুমদ্দিনের জেলে পল্লীগুলোতে বর্তমানে আতংক বিরাজ করছে। জেলেরা ভয়ে নদীতে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছেনা।