২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের এনকাউন্টারে ও গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে রোববার রাতে কুমিল্লাগামী প্রাইম পরিবহনে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ও পুলিশের এনকাউন্টারে তিন ডাকাত নিহত হয়েছে। পুলিশ দুই ডাকাতকে গ্রেফতার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 01:04 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গণপিটুনিতে আহত এক ডাকাতকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

অপর দু জন পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। এনকাউন্টারে নিহতরা হচ্ছে, গুলজার হোসেন ওরফে সুমন (২৫), আক্তার হোসেন (২২)। গ্রেফতারকৃত ডাকাত আনোয়ারের (২০) কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্য ডাকাতের নাম কাজল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাইম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (কুমিল্লা-ব-১১-০০০৩) দাউদকান্দিরর গৌরীপুরে এলে যাত্রীবেশে বাসে বসে থাকা সাত ডাকাত কাটা রাইফেল, পাইপগান ও ছোরা দিয়ে চালককে ভয় দেখিয়ে তাদের ইচ্ছামতো বাস চালাতে বাধ্য করে এবং যাত্রীদের কাছ থেকে নগদ টাকা মোবাইল ফোন ইত্যাদি লুট করে নেমে যাওয়ার সময় আড়াআড়িভাবে বাস দাঁড় করানোর কারণে উভয়পাশের যানবাহন আটকা পড়ে যায়। এ সময় যাত্রীদের চিৎকারে অন্যান্য যনবাহনের যাত্রীরাও নেমে আসে। খবর পেয়ে গৌরীপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ এবং পরে দাউদকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ও জনতা পালিয়ে যাওয়া ডাকাতদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে দুই ডাকাত নিহত হয় এবং অপর দু জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে দাউদকান্দি থানায় বাসচালক নাশির মিয়া ও দাউদকান্দি থানার এসআই ইফতেখার হাসান পৃথক দুটি মামলা দায়ের করেছেন।