২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ পার্বত্য জেলায় সেনা টহল জোরদারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি

পাহাড়ি সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের তিনটি পার্বত্য জেলার সীমান্ত এলাকায় সেনা টহল জোরদারের সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে তিন পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, অন্য বছরের একই সময়ের তুলনায় খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। তবে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।

কমিটির বৈঠকে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক এবং মন্ত্রণালয়ের প্রতিবেদনেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) আন্তর্জাতিকভাবে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ করে। কমিটির বৈঠকে আরও অভিযোগ করা হয়, ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পার্বত্য শান্তিচুক্তি বিরোধী কার্যক্রম চালাচ্ছে। এ নিয়ে দুটি সংগঠন মাঝে মাঝেই বিরোধে জড়িয়ে পড়ছে।

এছাড়া সংসদীয় কমিটির আগামী বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিডিআর’র মহাপরিচালককে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মনিস্বপন দেওয়ান, শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম), শাহজাহান চৌধুরী (কক্সবাজার), সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ওয়াদুদ ভূঁইয়া।

বৈঠকে তিন পার্বত্য জেলায় স্থায়ী শান্তির বিষয়ে সংসদীয় কমিটির সফরের সিদ্ধান্ত ও সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশমালা তৈরির জন্যে শাহজাহান চৌধুরীকে (কক্সবাজার) আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।

এ মাসেই কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও সভাপতি মোশাররফ হোসেন জানান।