২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ সাংসদের বাজেট অধিবেশনে যোগদান, দলত্যাগের গুজব নাকচ

আওয়ামী লীগ দলীয় সাংসদ নজমুল হাসান জাহেদ মঙ্গলবার স্বল্প সময়ের জন্য সংসদের বাজেট অধিবেশনে যোগ দিলেও দলত্যাগের গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সম্ভাব্য দলত্যাগের গুজব প্রসঙ্গে বিডিনিউজকে তিনি বলেন, কেন আমি দলত্যাগ করতে যাবো? আমি মনে প্রাণে বঙ্গবন্ধু এবং তাঁর কন্যার অনুগত কর্মী।

তিনি বলেন, একাদিক্রমে ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থেকে সদস্য পদ হারানো থেকে রক্ষা পেতেই সংসদে গিয়েছিলাম।

এ নিয়ে ইতিমধ্যে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে তাঁর কথা হয়েছে এবং আগামীকাল আবারও কথা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি’র সাথে আমার কখনো কোনো কালেও সম্পর্ক ছিলো না আর ভবিষ্যতেও কোনো ধরনের সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা নেই। আমার এলাকার ভোটাররা নৌকায় ভোট দিয়েছে এবং আগামীতেও তারা নৌকাতেই ভোট দেবে।

আওয়ামী লীগের এমপিরা সর্বশেষ সংসদে যোগদানের সময় লন্ডনে থাকার কারনে সদস্য পদ রক্ষা করতে সংসদে যোগ দেন বলে তিনি জানান।

সাংসদ নজমুল হাসান জাহেদ মঙ্গলবার সাত মিনিটের জন্য সংসদের বাজেট অধিবেশেনে যোগ দেন। এ সময় তিনি সংসদ কক্ষে প্রবেশ করে তাঁর উপস্থিতি স্বাক্ষর দেন। আকস্মিকভাবে তাঁর সংসদে উপস্থিতি সরকার দলীয় সদস্যদের মধ্যে উৎসাহের সৃষ্টি করে।

তিনি অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়ার সাথে করমর্দন করেন। সরকার দলীয় হুইপ রেজাউল বারী ডিনা তাঁকে সংসদ কক্ষে স্বাগত জানান।

সম্পূরক বাজেটের উপর আলোচনার মাঝে মাগরিব নামাজের বিরতির সময় সাংসদ জাহেদ সংসদ কক্ষে প্রবেশ করেন। বিরতি শেষে স্পিকার অধিবেশন কক্ষে প্রবেশ করলে তিনি নিজ আসনে যান এবং মিনিট খানেক অবস্থান করে সংসদ কক্ষ ত্যাগ করেন।

পরে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংসদ জাহেদের সংসদে যোগদানকে স্বাগত জানিয়ে পুরো বৈঠকে অবস্থানের আহ্বান জানান।