২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর ও বিএসএফ’র ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

উচ্চ পর্যায়ের বৈঠকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার নাগর নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিডিআর ও বিএসএফ’র ব্যাটেলিয়ন পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে উভয়পক্ষ সম্মত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বুধবার সকালে ৪০৯ নং মেইন পিলার এর চার নং সাব পিলার এর কাছে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়ন পরিষদ ভবনে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিডিআর সূত্র জানায়, পতাকা বৈঠকে চোরাচালান প্রতিরোধ, সীমান্তে সমন্বিত টহল, নারী পাচারসহ সীমান্তে বিরাজমান সমস্যা, ব্যাটেলিয়ন পর্যায়ে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখতে উভয়ে সম্মত হয়েছে।

বিডিআর’র সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান খান এবং বিএসএফ’র ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ৩২ বিএন বিএসএফ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট পিএস বেইন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আটোয়ারী উপজেলার নাগর নদীর ভাঙ্গন হতে বর্ষালুপাড়া বিওপি ও সীমান্ত টহল রাস্তা রক্ষার জন্যে তিন কোটি টাকা ব্যয়ে সিসি ব্লক দিয়ে এক হাজার মিটার নদী তীর সংরক্ষণ প্রকল্প গ্রহণ করা হয়। ইতোমধ্যে ব্লক নির্মাণ কাজ শেষ হয়েছে। বিএসএফ’র বাধার কারণে ডাম্পিং ও প্লেসিং করা যাচ্ছে না।

ঠিকাদাররা জানান, প্রায় দু মাস আগে ব্লক নির্মাণ কাজ শেষ হয়েছে। বিএসএফ’র বাধার কারণে ডাম্পিং ও প্লেসিং করা যাচ্ছে না। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক ১০ জুন ভারতের উত্তর দিনাজপুর জেলার বাসন্তিপুরে অনুষ্ঠিত হয়েছে। প্রকৌশলী পর্যায়ের এ বৈঠকে বাঁধ নির্মাণের ব্যাপারে দু দেশের প্রতিনিধিরা ঐকমত্য পোষণ করেছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চার ঘন্টার ওই বৈঠকে দিনাজপুরের আত্রাই. ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পঞ্চগড়ের নাগর নদীর উভয় পাশের তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দু দেশের প্রতিনিধিরা ঐক্যমত্যে পৌছান। তবে বাঁধ নির্মাণের শর্তসমূহ চূড়ান্ত করতে উভয় দেশের যৌথ নদী কমিশনের স্থায়ী কমিটিতে অনুমোদনের জন্যে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রধান প্রকৌশলী খন্দকার মো. শহীদুল্লাহ।

যৌথ নদী কমিশনের এর আগের বৈঠকটি গত ২৮ মে দিনাজপুর সীমান্তের মোহনপুর মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।