পে-স্কেল আর বাজেট ঘোষণার পর থেকে বাজার দর আকাশ-ছোঁয়া
ঢাকার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়েই চলেছে। এ বছরের শুরু থেকেই ঢাকার বাজারে দ্রব্যমূল্য ছিল আকাশ-ছোঁয়া। মে মাসের শেষ সপ্তাহে নতুন পে স্কেল এবং ৯ জুন বাজেট ঘোষণার পর থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও এক দফা বেড়েছে। এ সপ্তাহে একমাত্র পোঁয়াজ ছাড়া প্রায় সব কিছুরই দাম বেড়েছে।
বাজেট ও নতুন পে স্কেলের প্রভাবে বাজারে চাল, ডাল, তেল, মাছ, মাংস ও তরিতরকারিসহ প্রায় সব কিছুরই দাম বেড়েছে। তবে কমেছে মৌসুমি ফলের দাম।
দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির ফলে উচ্চ বেতনের চাকরিজীবি ছাড়া প্রায় সকল স্তরের মানুষের জীবন যাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। নিম্ন আয়ের মানুষের পক্ষে নির্ধারিত বাজেটে বাজার করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গত সপ্তাহের তুলনায় চালের দাম বেড়েছে মণপ্রতি ২০ টাকা। ফলে খুচরা বাজারেও প্রতিকেজি চালের দাম এক টাকা থেকে ৫০ পয়সা পর্যন্ত বেড়েছে।
একই সাথে বেড়েছে মাংস, মাছ, মুরগী, চিনি, ডাল, তেল, আলু ও তরিতরকারির দাম। কাঁচা তরিতরকারির মধ্যে বেগুন, টমেটো, ঢেড়স, পটল, গাঁজর ও শাক-সব্জির দাম বেড়েছে। তবে ইলিশের পর্যাপ্ত সরবরাহের কারণে দাম মোটামুটি সহনশীল পর্যায়ে রয়েছে।
রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশন, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও সেনপাড়াসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি স্বর্ণা ও লতা চাল ২৫ থেকে ২৬, নাজিরশাল ২২ থেকে ২৩, মিনিকেট ২৩ থেকে ২৪, পাইজাম সাড়ে ২০ থেকে ২১, বিআর-২৮ ও পারিজাত ১৯ এবং ইরি ১৮ থেকে সাড়ে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে গরুর মাংসের দাম ১১০ টাকা এবং খাসির মাংস ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশী ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে আরও এক দফা। বেশ কিছুদিন ধরেই বাড়তির দিকে ছিল ব্রয়লার ও দেশী মুরগির দাম। এ সপ্তাহে মুরগির দাম বেড়েছে আরও আট থেকে ১০ টাকা। এ সপ্তাহে প্রতি কেজি সাদা ব্রয়লার মুরগি ৭৮ থেকে ৮০, লাল ব্রয়লার মুরগি ৮৫ থেকে ৯০ টাকা ও দেশী মুরগি ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে।
বাজারে ইলিশের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও রুই, কাতলা, পাঙ্গাস, কালবাউস, চিংড়ি ও মাগুর মাছের দাম কিছুটা বেড়েছে। ব্যবসায়ীদের মতে, বাজারে ইলিশ ছাড়া কোন মাছেরই তেমন আমদানি নেই। ফলে ক্রেতাদের চাহিদা মেটাতে বাড়তি দামে এসব মাছ কিনতে হচ্ছে।
বাজারে রুই ৯০ থেকে ১৪০, কাতলা ৮০ থেকে ১২০, পাঙ্গাস ১২০, কালাবাউস ১৪০ থেকে ১৫০, চিংড়ি ১১০ থেকে ২৫০, গলদা চিংড়ি ৬৫০, শিং ৩০০, মাগুর ২৮০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। ছোট মাছের দাম কেজিপ্রতি প্রায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ছোট মাছের কেজি ১০০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
আলুর দাম বেড়ে আট থেকে নয় টাকা, গাঁজর ২০ থেকে ২৪, টমেটো ৩০, ক্ষীরা ১৬ থেকে ১৮, বেগুন ২০ থেকে ২৪, ঢেড়স ও করলা ১৪ এবং শশা এবং উস্তে ১২ থেকে ১৩ টাকায় বিক্রি হচ্ছে। সিম ও বরবটি ১৪, মিষ্টি কুমড়া ১৬, লাউ ২০, পটল ১৬, কচুর লতি ১৪ এবং ঝিঙা ও চিচিঙ্গা ১৪ টাকায় বিক্রি হয়েছে। প্রতি হালি কাঁচা কলার দাম আট টাকা থেকে বেড়ে ১০ টাকায় দাঁড়িয়েছে।
বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি দুই টাকা কমে ১৪ টাকায় বিক্রি হচ্ছে। নতুন রসুন ২০, পুরনো ও শুকনো রসুন ৩৮ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন বাজারে সয়াবিন তেল ৫৪ টাকা, চিনি ৩৮ এবং ডাল ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
