২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সেনা অভিযান: সন্দেহভাজন ৬ জন ভারতীয়সহ ৯ মনিপুরী আটক

সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার ভোরে পার্বত্য জেলা বান্দরবানের কালাঘাটা এলাকা থেকে সন্দেহভাজন ১০ জন মনিপুরীকে আটক করেছে। এদের মধ্যে ছয় জন ভারতীয় নাগরিক। জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেওয়া হয়।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আটকৃতদের কাছ থেকে ভারতীয় মুদ্রা, কাগজপত্র ও একটি বায়নোকুলার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের পর আটক নয়জনকে পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃতরা জানিয়েছে, তাদের কয়েকজনের বাড়ি ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইমপল ও থোয়াল জেলায়।

একটি সূত্র জানায়, আটককৃতরা বিচ্ছিন্নতাবাদী পিপলস লিবারেশন আর্মি অব মনিপুর’র (পিএলএএম) সদস্য।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত থেকে সেনাবাহিনীর সদস্যরা কালাঘাটা এলাকা ঘিরে ফেলে। ঘরে ঘরে তল্লাশী চালিয়ে তারা জনৈক আরকে খাববালের বাড়ি ও পাহাড়ি অরণ্য ঘেরা সিং বাবু নামে একজনের খামার থেকে ওই ১০ জন মনিপুরীকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর এদের মধ্যে থেকে একজনকে ছেড়ে দেওয়া হয়।

আটককৃতরা হচ্ছে, খাগেমবা (২৬) রমেশ (২৪), টম (২৯), দত্ত সিংহ (৪১), বাবু সিংহ (৪৫), মনিপুরি হোসেন (২০), মনিপুরি আনোয়ার (১২), মনিপুরি সুমন (৩০) এবং মনিপুরি শাজাহান (২০)।

ভিন্ন একটি সূত্র জানায়, সম্প্রতি হবিগঞ্জের কমলগঞ্জের মাধবপুর সীমান্তে বিডিআর ও র‌্যাবের ক্রসফায়ারে ছয় জন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী মনিপুরী নিহত হওয়ার পর এসব মনিপুরী লুকিয়ে বান্দরবানে আশ্রয় নেয়।