গাড়ি বিতর্কে পদত্যাগ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী
কানাডিয় তেল কোম্পানি নাইকো’র দেওয়া মুল্যবান টয়োটা সিগনাস জিপ ব্যবহার নিয়ে বিতর্কের সূত্র ধরে অবশেষে জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন এমপি শনিবার পদত্যাগ করেছেন। মন্ত্রণালয়ের একটি সূত্র এ কথা জানায়।
তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি শনিবার দুপুরে পদত্যাগ পত্র জমা দেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, মোশাররফ হোসেনের পদত্যাগ পত্র রাষ্ট্রপতি অধ্যাপক ড.ইয়াজ উদ্দিন আহমেদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, বঙ্গবভন সূত্র জানায়, রাষ্ট্রপতি এ পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।
মোশাররফ হোসেন বর্তমান জোট সরকারের পদত্যাগ করা দ্বিতীয় মন্ত্রী। এর আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফিতি রোধ করতে ব্যর্থতার অভিযোগে বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পদত্যাগ করেছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে দুই সপ্তাহ পর শনিবার সকালে দেশে ফেরেন জ্বালানি প্রতিমন্ত্রী। দুপুরে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
অন্যদিকে, পদত্যাগের পর মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায় নি। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তাও জানা নিশ্চিত হওয়া যায় নি।
তবে দেশের ফিরে বিডিনিউজের সঙ্গে আলাপকালে তিনি জানান, বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এণ্ড প্রডাকশন কোম্পানী লি.) দেওয়া নাইকোর গাড়িটি বাপেক্স কিংবা তার জন্য কোনও উপহার নয়।
ফেনী এবং ছাতক গ্যাস ফিল্ডে যৌথ উদ্যোগে অপারেশন শুরু করায় নাইকো বাপেক্সে’র জন্য জিপটি কিনেছিল।
তিনি বলেন, জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে পেট্রোবাংলা গাড়িটি আমাকে ব্যবহার করতে দেয়।
তিনি আরও বলেন, তার আগের গাড়িটি ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়ায় তিনি সরকারের পরিবহন পুলের কাছে একটি নতুন গাড়ি চেয়েছিলেন।
মন্ত্রী জানান, পুল তাকে নতুন গাড়ি দিতে ব্যর্থ হয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে কোনও কোম্পানি বা সংগঠনের কাছ থেকে গাড়ি নেওয়ার সুপারিশ করে।
তিনি বলেন, এই প্রক্রিয়ায় মন্ত্রণালয় পেট্রোবাংলাকে একটি গাড়ি দেওয়ার অনুরোধ করে এবং মন্ত্রণালয় বাপেক্স’র জিপটি আমাকে দেয়। বাপেক্স’র তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক স্বয়ং আমার বাসায় গাড়িটি আমার কাছে হস্তান্তর করেন।
তিনি ইঙ্গীত দেন বিদেশ সফরকালে তার বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হয়েছে. কোনও রকম অনিয়ম না করা সত্ত্বেও মিািডয়ার সাহায্য নিয়ে কায়েমি স্বাথার্ন্বেষী মহল তাকে ফাঁসিয়েছে।
তিনি সুস্পষ্টভাবে বলেন, বাপেক্স’র জন্য নাইকোর গাড়িটি প্রদানের পেছনে টেংরাটিলা গ্যাস দুর্ঘটনায় ক্ষেত্রে সুবিধা দেওয়ার কোনও উদ্দেশ্য নেই।
তিনি জানান, এর আগে তিনি দ্য গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লি. নামে অপর একটি পেট্রোবাংলা কোম্পানির জিপ ব্যবহার করছেন। সরকারের প্রতিমন্ত্রী হওয়ার পর তাকে কোনও গাড়ি দেওয়া হয় নি।
বিডিনিউজকে তিনি বলেন, একজন মন্ত্রী তার মন্ত্রণালয়াধীন কোনও কোম্পানীর গাড়ি ব্যবহার করবে এটা কোনও অসাধু ব্যাপার না। এটি একটি সাধারণ ব্যাপার এবং তা বৈধ।
২০০১ সালের ১০ অক্টোবর বিএনপি-জামাত জোট সরকার গঠনের পর আমলা থেকে রাজনীতিতে প্রবেশ করা মোশাররফ হোসেনকে জ্বালানি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ১৯৯৬ সালে তিনি বিএনপি প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন।
১৯৯০ সালে সাবেক স্বৈরশাসক এরশাদের পতনের পর দুর্নীতির দায়ে মোশাররফ হোসেন ও তার তালাকপ্রাপ্ত স্ত্রী জিনাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল।
