গ্রেপ্তারকৃত অবশিষ্ট ডাকাত সাগরও ক্রসফায়ারে নিহত
শনিবার ভোরে কুমিল্লার চান্দিনায় ক্রসফায়ারে আরও এক ডাকাত নিহত হয়েছে। এ নিয়ে নিহত ডাকাতের সংখ্যা দাঁড়ালো ছয়-এ।
বৃহস্পতিবার রাতে ক্রসফায়ারে পাঁচ ডাকাত নিহত হলেও গ্রেপ্তারকৃতদের মধ্যে সে বেঁচে ছিল। চান্দিনার ক্রসফায়ারের ঘটনায় দুই এসআইসহ চার পুলিশ আহত হয়েছে।
কুমিল্লা-ব্রাক্ষণবাড়িয়া সড়কে ডাকাতিকালে ডাকাতদের বাসের ধাক্কায় হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হওয়ার জের ধরে ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ক্রসফায়ারে নিহত হয় পাঁচ ডাকাত। বাকি ছিল সাগর নামে এক ডাকাত।
পুলিশ সূত্র জানায়, সাগরের মোবাইল ফোন (০১৭২-৭৭৭১২৪) থেকে তার সহযোগী আকবর, আলমগীর, হৃদয়, আসাদ ডাকাতকে চান্দিনার বাতাকান্দি ইউনিয়নের তীরচর নামকস্থানে আসতে বলা হয়। সেখানে শনিবার ভোররাত তিনটার দিকে চান্দিনা, দ্বেবিদ্বার ও ব্রাক্ষণপাড়ার একদল পুলিশ সাগরতে নিয়ে তীরচর এলাকায় যায়। তীরচরে পৌছার পর আগে থেকেই ওৎ পেতে থাকা অজ্ঞাত ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময়ে পুলিশও পাল্টা গুলি করে এবং সাগর পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে সাগর নিহত হয়।
সাগরের বাড়ি বরিশালের আগৈল ঝড়া উপজেলার ছেল্লাপাড়ায়।
ক্রসফায়ারের ঘটনায় এসআই বেলায়েত, এসআই উত্তম, কনস্টেবল উবায়েত উল্লাহ ও সালেহ আহমেদ নামে পুলিশের চার সদস্যও আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত একটি এলজি, একটি পিস্তল, দুই রাউণ্ড পিস্তলের তাজা গুলি, দুই রাউণ্ড পিস্তলের গুলির খোসা এবং আট রাউণ্ড বন্দুকের গুলির খোসা উদ্ধার করে।
