নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
নরসিংদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রোববার দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারি আবুল কালাম আজাদ (৩৫) ও মো. চাঁন মিয়া (৫০)।
গুরুতর আহত মো. হামিদ বেগকে (৩০) প্রথমে নরসিংদী ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনা দুটি ঘটেছে জেলার শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চৈতন্য ও পাঁচদোনা এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর একজন লাইনম্যান ও একজন মিটার টেস্টার বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করতে বের হয়। তারা মরজাল অফিস থেকে বের হয়ে সকাল ১০ টায় চৈতন্যা এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী বাস তাদের মোটর সাইকেলকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই মিটার টেস্টার আবুল কালাম আজাদ মারা যায় এবং লাইনম্যান মো. হামিদ বেগ গুরুতর আহত হয়।
অপর ঘটনায় নরসিংদী সদরের পাঁচদোনায় সকাল ছয়টায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি দ্রুতগামী কভার ভ্যান পথচারি কৃষক চাঁন মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সদর থানায় দুটি পৃথক মামলা হয়েছে।
