চোরাই পণ্যসহ ডোমার উপজেলার সাবেক ছাত্রদল সভাপতি গ্রেফতার
নীলফামারীর চিলাহাটী সীমান্তে চোরাই পণ্যসহ ডোমার উপজেলার সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান চয়নকে (৩৭)কে বিডিআর গ্রেফতার করেছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডিআর জানায়, ডোমারের ছোট রাউতা মহল্লার আব্দুল জব্বারের ছেলে চয়ন (৩৭) দীর্ঘদিন থেকে চোরাচালান ব্যবসার সাথে জড়িত। শনিবার মধ্যরাতের পর চয়ন ও তার তিন সঙ্গী বিয়ার, স্বর্ণের চেইন, শাড়ি-কাপড়, কসমেটিকসহ ২১ ধরনের ভারতীয় পণ্য নিয়ে চিলাহাটির উত্তর কেতকিবাড়ি নয়াহাট সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশের সময় কর্তব্যরত বিডিআর সদস্যরা অবৈধ মালামালসহ তাকে আটক করে। এ সময় চয়নের তিন সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়।
বিডিআর চোরাচালান আইনে থানায় মামলা দায়ের করেছে।
