রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ১২ বছরেও শেষ হয়নি
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে সরকার ১৯৯৩ সালে পদক্ষেপ গ্রহণ করলেও ১২ বছরেও তা সম্পন্ন করা সম্ভব হয়নি।
১৯৯১ সালে মায়ানমারের সামরিক জান্তার নির্যাতনে রোহিঙ্গা নামে পরিচিত আড়াই লাখের বেশি সংখ্যলঘু মুসলিম পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়।
১৯৯৩ সালে জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর) এর মধ্যস্থতায় বাংলাদেশ সরকার শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। ইউএনএইচসিআর ও আরআরআরসি (রিফিউজি রিলিজ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার) তাদের মাসিক প্রতিবেদনে জানায়, তখন থেকে এ বছরের মার্চ পর্যন্ত ৪৭ হাজার ৩১৩ টি রোহিঙ্গা পরিবারের মোট ২ লাখ ৩৬ হাজার ৫৯৪ জন শরণার্থীকে মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
ইউএনএইচসিআর ও আরআরআরসির ওই যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পর্যন্ত দেখা যায়, কক্সবাজারের নয়াপাড়া ও কুতুপালংয়ের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আরও ২০ হাজার ৫৪৪ জন শরণার্থী প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছে।
তবে বেসরকারি হিসেবে আরও দুই লাখ শরণার্থী কক্সবাজার জেলায় বসবাস করছে বলে জানা গেছে। ২০০৩ সালের জুন মাসের মধ্যে সকল শরণার্থীকে মায়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থাকলেও প্রক্রিয়ায় ধীরগতির কারণে তা বাস্তবায়িত হয়নি।
এছাড়া, মায়ানমারে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত বছর প্রত্যাবাসন প্রক্রিয়া কয়েক মাস ধরে বন্ধ থাকে।
গত দু বছরে মোট ৩ হাজার ৩২৩ জন শরণার্থীকে মায়ানমারে ফেরত পাঠানো সম্ভব হলেও শরণার্থী শিবিরে উচ্চ জন্ম হারের কারণে ওই সংখ্যা আবার পূর্ণ হয়ে গেছে। আরআরআরসি’র হিসাব মতে, শরণার্থী ক্যাম্পে গড়ে প্রতি সপ্তাহে ২২ টি শিশু জন্ম লাভ করে এবং এর মধ্যে গড়ে প্রতি সপ্তাহে ২ টি শিশু মারা যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সদিচ্ছা এবং কর্মকর্তা ও সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব, রোহিঙ্গা বিদ্রোহীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি, ত্রাণ নির্ভরতার কারণে শরণার্থীদের ফিরে যাওয়ায় অনিচ্ছা এবং এনজিও ও বিভিন্ন সাহায্যসংস্থার অসহযোগিতার কারণে প্রত্যাবাসনে ধীর গতি দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এছাড়া কিছু ইসলামি চরমপন্থি গ্রুপের সাথে রোহিঙ্গাদের জড়িয়ে পড়ার কারণে প্রত্যাবাসন কার্যক্রম বিলম্বিত হচ্ছে বলে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ইউএনএইচসিআর ও আরআরআরসি’র ওই যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ সালে ৭৬০ জন, ২০০৩ সালে ৩১১৩ জন শরণার্থীর প্রত্যাবাসন সম্ভব হলেও গত বছর মাত্র ২১০ জন শরণার্থীকে মায়ানমারে ফেরত পাঠানো গেছে।
সূত্র জানায়, কুতুপালং ক্যাম্পে ৮ হাজার এবং নয়াপাড়া ক্যাম্পে ১২ হাজার শরণার্থী প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছে।
এছাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে মোট ১৫৮ জন অরোহিঙ্গা শরণার্থীও অবস্থান করছে। রোহিঙ্গাদের সাথে অবস্থান করলেও তারা মায়ানমারের অরোহিঙ্গা এবং ইরান, সোমালিয়া ও সিয়েরা লিওনের নাগরিক।
বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মলুসিউ মামো বলেন, প্রত্যাবাসন সম্পূর্ণই একটি স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম। এতে জোর চলে না বা প্রত্যাবাসন ত্বরান্বিত করার জন্য পরিবার ভেঙে ফেলা যায় না।
