সংসদে বাজেট আলোচনা অব্যহত
জাতীয় সংসদে ২০০৫-০৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা অব্যাহত রয়েছে। সংসদের অধিবেশন সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
দু’দিনের বিরতির পর রোববার নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট পর স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পরপরই প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।
শুরুতেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় বিজয়ে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দেন।
স্পিকারও তার রুলিংয়ে সকল কটাক্ষ উপেক্ষা করে অর্জিত বিজয়ে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অভিনন্দন জানান।
পরে বাজেট বক্তব্য শুরু হলে আলোচনায় অংশ নেন বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির মোট ছয়জন সদস্য। আলোচনায় অংশ নেওয়া সদস্যরা হলেন বিএনপির মনিরুল হক চৌধুরী, নাসিরুল হক সাবু, রেজা আহমেদ বাচ্চু ও কাজী আলাউদ্দিন, জামায়াতের রিয়াছত আলী বিশ্বাস এবং জাতীয় পার্টির মজিবুর রহমান।
মাগরিবের নামাজের বিরতির ৩৫ মিনিট পর বৈঠক শুরু হলে কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী পয়েন্ট অব অর্ডারে জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের পদত্যাগের বিষয়টি উত্থাপণ করেন।
তিনি জ্বালানি প্রতিমন্ত্রীকে দেশের জ্বালানি খাতে বিনিয়োগের জন্য নিজস্ব লোকদের বসানোর জন্যই পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে সংবিধান লঙ্ঘণ করেছেন।
তার বক্তব্যের জবাব দেন বিএনপির সিনিয়র সদস্য কেএম ওবায়দুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে জ্বালানি প্রতিমন্ত্রী সংবিধানের কোনো লঙ্ঘণ করেননি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। স্পিকারও তার রুলিংয়ে বিষয়টি সমর্থণ করেন।
পরে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সদস্য আবু নেওয়াজ খৈয়াম ২১ আগষ্ট হামলার তদন্তে অগ্রগতির বিষয়টি উত্থাপণ করেন।
তিনি বলেন, যে মুহুর্তে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারের পর গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে অগ্রগতি অর্জন করেছে, সেই মুহুর্তে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তদন্ত ব্যাহত করছে। তার এ ধরণের বক্তব্যে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।
বাজেট বক্তব্যে সদস্যরা প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানালেও তাদের এলাকার উন্নয়নে সরকারি পদক্ষেপের সমালোচনা করেন।
