২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ডের সভা বুধবার

তিনমাস পরপর সভা আহ্বান করার কথা থাকলেও দীর্ঘ আড়াই বছর পর বুধবার বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ড (এনএনসিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

১১ জন মন্ত্রী, একজন সচিব এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ১৮ সদস্য নিয়ে এ বোর্ড গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে বোর্ডের ৯ম এ সভা অনুষ্ঠিত হবে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের সমস্যাসমূহ চিহ্নিত করার জন্য ২০০৩ সালের জানুয়ারিতে সমাজকল্যাণ সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। সভায় কমিটির দাখিল করা প্রতিবেদনে উল্লেখিত সমস্যাসমূহ দূর করার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

আপাতদৃষ্টে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীতি নির্ধারক হিসেবে এনএনসিবি’র নেতৃত্বে সারাদেশে দীর্ঘদিন ধরে কার্যকর কোনও মাদক বিরোধী অভিযান চলছে না।

সরকার ১৯৯০ সালে মাদক নিয়ন্ত্রণ আইন পাস করার পর অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৯৮ সালে জাতীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ড গঠন করা হয় অধিদপ্তরকে নীতি নির্ধরনী কাজে সহায়তা করার জন্য।

কিন্তু সরকারের সমস্ত পদক্ষেপই ব্যর্থতায় পর্যবশিত হচ্ছে বছরের পর বছর বোর্ডের অকার্যকারিতার কারণে।

এনএনসিবি ২০০৩ সালের জানুয়ারি মাসে শেষ বৈঠক করে। এরপর ২৯ মাস অতিবাহিত হয়ে গেলেও বোর্ড কোনও বৈঠক করেনি। অথচ এসময়ের মধ্যে নয়টি বৈঠক হতে পারত।

পদাধিকার বলে বোর্ডের সদস্য সচিব মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক কামাল উদ্দিন আহমেদের সাথে যোগযোগ করা হলে তিনি এনএনসিবি’র বৈঠক না হওয়া বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।